আফগানিস্তান আছে তো কী হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে নির্ভার হাসি। হাত তুলে অধিনায়ক মুশফিক যেন আশ্বস্ত করতে চাইছেন, সব ঠিক আছে। ছবি: শামসুল হক
মুখে নির্ভার হাসি। হাত তুলে অধিনায়ক মুশফিক যেন আশ্বস্ত করতে চাইছেন, সব ঠিক আছে। ছবি: শামসুল হক

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের ওপর যেন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে আফগান-জুজু। এশিয়া কাপের অপ্রত্যাশিত হার যেন আরও বাড়িয়ে দিয়েছে সেই পাথরের ওজন। অবশ্য বর্তমান বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে আফগানিস্তানকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়াটা বাড়াবাড়িই মনে হতে পারে। কিন্তু তার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে বারবার ঘুরে-ফিরে আসছে সেই একই প্রশ্ন। আফগান বাংলাদেশের কাছে অচেনা একটা দল। তাদের শক্তিমত্তা বা দুর্বলতা সম্পর্কে বাংলাদেশের তেমন কোনো ধারণা নেই বলেই ভয়।

তবে পরিসংখ্যান বলছে, আফগানদের ভয় পাওয়ার কিছু নেই। বরং এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সহযোগী দেশগুলোর মধ্যে আফগানিস্তানই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দুর্বল। আন্তর্জাতিক ম্যাচে টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে একবার হলেও জয়ের দেখা পেয়েছে আয়ারল্যান্ড ও হল্যান্ড। সেই জায়গায় পাঁচটি ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ পায়নি আফগানরা।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে নেপাল, হংকং আর আরব আমিরাতের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাকি তিন সহযোগী দেশ আয়ারল্যান্ড, হল্যান্ড ও আফগানিস্তান বেশ কয়েকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এঁদের মধ্যে আফগানদের জয়ের হার সবচেয়ে কম। ৩৪ ম্যাচের ১৮টি জিতেছেন আইরিশরা, হেরেছে ১৩টি। জয়-পরাজয় ১.৩৮। হল্যান্ড ২২ ম্যাচের ১২টি জিতেছে, ৯টি  হেরেছে। জয়-পরাজয় হার ১.৩৩। আফগানরা ২২ ম্যাচের ১১টি জিতেছে, ১১টি হেরেছে। জয়-পরাজয় হার ১.০০।

এই দুই দলের বিপক্ষে আফগানরা মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও পিছিয়ে আছে। হল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে দুটোতেই হেরেছে। আইরিশদের বিপক্ষে হেরেছে পাঁচ ম্যাচের তিনটি। তবে আইরিশদের বিপক্ষে তাদের দুটো জয় আর হল্যান্ডের বিপক্ষে এক জয়ও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দ্রুত উঠে আসার প্রমাণ।

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো রেকর্ড হল্যান্ডের। চার ম্যাচ খেলে দুটোতেই জিতেছে। একটি জয় আবার ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। অন্য জয়টি এসেছে বাংলাদেশের বিপক্ষে। আইরিশরাও দুবার টেস্ট খেলুড়ে দেশকে টি-টোয়েন্টিতে বধ করেছে, তবে সে জন্য তাদের খেলতে হয়েছে ১৪টি ম্যাচ।

তব পরিসংখ্যান শুধু আফগানদের হতাশার বার্তাই দিচ্ছে না। দিচ্ছে আশার আলোও। গত বছরের বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হারায় বিশ্বকাপের প্রথম পর্বে আফগানদের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আফগানদের প্রতিপক্ষ নেপাল, হংকং ও বাংলাদেশ। নেপাল আর হংকংয়ের বিপক্ষে একটি ম্যাচেও হারেনি আফগানিস্তান। নেপালকে হারিয়েছে তিন ম্যাচের সব কটিতে, হংকংকে হারিয়েছে একমাত্র ম্যাচে।
শুধু তা-ই নয়, মজার ব্যাপার হচ্ছে, টি-টোয়েন্টি ম্যাচে (আন্তর্জাতিক নয় এমন ম্যাচসহ) জয়-পরাজয়ের হারের দিক দিয়ে এই গ্রুপে সবার ওপরে আফগানরাই!

৪২ ম্যাচের ২৭টি জিতেছে আফগানিস্তান, হেরেছে ১৫টি। জয়-পরাজয় হার ১.৮০। ১৯ ম্যাচের ১১টিতে জয়, ৮টি পরাজয় নিয়ে নেপালের জয়-পরাজয় হার ১.৩৭। ২০ ম্যাচের দশটিতে করে জয়-পরাজয় নিয়ে হংকংয়ের জয়-পরাজয় হার ১.০০। বাংলাদেশের অবস্থাই সবচেয়ে শোচনীয়। ৩৬টি ম্যাচের মাত্র ৯টিতে জয়, ২৭টি পরাজয়। বাংলাদেশের জয়-পরাজয় হার শূন্য দশমিক ৩৩!

আরও শঙ্কার কথা হলো, যে চারটি সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশ খেলেছে, এর তিনটার বিপক্ষেই হেরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে। সহযোগী দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটোতেই আছে পরাজয়!
তবে বাংলাদেশের আসলে ভয়ের কিছু নেই। এবার বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ঘরের মাটিতে। যেখানে কোটি সমর্থকদের সমর্থন আর প্রেরণা বাংলাদেশের জন্য অন্য রকম এক শক্তি