আফগানিস্তানই বরং বেশি নিরাপদ!
আফগানিস্তান সফরের চিন্তাভাবনা করছে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্লাবের সভাপতি ফিলিপ হডসন পরশু জানিয়েছেন এ পরিকল্পনার কথা। আর তা জানাতে গিয়ে হডসন টেনে এনেছেন আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানকেও। বলেছেন, এ মুহূর্তে পাকিস্তান যাওয়ার চেয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে যাওয়াটাই তাঁর কাছে বেশি নিরাপদ বলে মনে হচ্ছে।একসময় ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রণ করত এমসিসি। ইংল্যান্ড ক্রিকেট দলও এমসিসি নামেই সফর করত। এখনো ক্রিকেটের আইন প্রণয়নের অধিকার শুধুই এমসিসির। ক্রিকেট উন্নয়নের জন্য সাবেক পেশাদার ক্রিকেটার ও উদীয়মান ক্লাব ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দল নিয়ে এমসিসি বিভিন্ন দেশে সফরেও যায়। আফগানিস্তানের ক্রিকেটকে সাহায্য করতে রাজধানী কাবুলে পিচ তৈরি করে দিয়েছে এমসিসি। আফগান জাতীয় দলকে অন্য দলের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়া ও খেলোয়াড়দের প্রশিক্ষণের দায়িত্বও পালন করছে। নিজেদের বানানো পিচগুলোর অবস্থা সরেজমিনে দেখতে এমসিসি সভাপতি হডসন কাবুল যাচ্ছেন। সেখান থেকেই ব্যক্তিগত সফরে যাবেন পাকিস্তানের লাহোরে।গত পরশু বিবিসি রেডিওর টেস্ট ম্যাচ স্পেশাল (টিএমএস) অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন হডসন, ‘আমি মনে করি, ক্রিকেট দল নিয়ে পাকিস্তান যাওয়ার চেয়ে আফগানিস্তানে যাওয়ার সুযোগ অনেক বেশি। আমি এ-ও মনে করি, আমাদের আফগানিস্তানের (ক্রিকেটের) জন্য কিছু করা উচিত।’হডসনের এ মন্তব্য পাকিস্তানের জন্য একটা আঘাতই বলতে হবে। পিসিবি যখন বাংলাদেশ ক্রিকেট দলকে সে দেশে নিয়ে যেতে মরিয়া, তখনই এল এ মন্তব্য। অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট নেই পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর থেকেই আর কোনো প্রতিষ্ঠিত ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি। বিবিসি।