আফগানিস্তানকে হারাল নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের আরেকটি উইকেটের পতন। উল্লাসে মাতলেন নেপালের দুই ক্রিকেটার। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । প্রথম আলো
আফগানিস্তানের আরেকটি উইকেটের পতন। উল্লাসে মাতলেন নেপালের দুই ক্রিকেটার। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । প্রথম আলো

প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়েই ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে উজ্জীবিত নেপাল। তারা টুর্নামেন্ট শুরু করেছিল হংকংকে ৮০ রানে হারিয়ে। পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও নেপালিরা কাল উপহার দিয়েছে চমক। দলীয় শক্তিমত্তা, অভিজ্ঞতায় এগিয়ে থাকা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে ৯ রানে। টি-টোয়েন্টিতে এটাই আফগানিস্তানের বিপক্ষে নেপালের প্রথম জয়।
১০ বছর আগে অবশ্য এসিসি ট্রফিতে এই আফগানিস্তানকে হারিয়েছিল নেপাল। কিন্তু সেই আফগানিস্তানের সঙ্গে এই দলটির অনেক ব্যবধান। বিশেষ করে গত পাঁচ বছরের সাফল্যে আফগানিস্তান হয়ে উঠেছে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি। তথ্যসূত্র: ক্রিকইনফো।
এই টুর্নামেন্টেও আফগানরা এসেছিল শীর্ষ দলগুলোর বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন নিয়ে। উল্টো তারাই অঘটনের শিকার। ১৪১ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং করে বোলাররা নেপালকে এনে দিয়েছেন জয়। পেসার জিতেন্দ্র মুখিয়া নিজের দ্বিতীয় ওভারেই (ইনিংসের পঞ্চম) তুলে নেন ২ উইকেট। একটু পর স্পিনার শক্তি গৌচান তাঁর প্রথম ওভারেই ২ উইকেট নিলে আফগানিস্তান পরিণত হয় ৫ উইকেটে ৫০ রানে। তখনই হারের দুয়ারটা দেখে ফেলে আফগানরা। পরে সফিকউল্লাহ (৩২ বলে ৩৬) ও আজগর স্টানিকজাই (৩৬ বলে ৪৯) চেষ্টা করলেও পারেননি। শেষ ওভারে দরকার ছিল ২৪ রান। আজগর প্রথম চার বলে ১৪ রান নিলেও আউট হয়ে যান পঞ্চম বলে।
এর আগে নেপালের ৫ উইকেটে ১৪১ রানে বড় ভূমিকা ওপেনার সুবাস খাকুরেলের। ক্যারিয়ার-সেরা ইনিংস (৫৩ বলে ৫৬, ৬টি চার, একটি ছক্কা) খেলার পথে খাকুরেল চতুর্থ উইকেটে শারদ ভেসাওকারের সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি। ৫ চারে ভেসাওকার ৩২ বলে করেন ৩৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল: ২০ ওভারে ১৪১/৫ (খাকুরেল ৫৬, ভেসাওকার ৩৭, মাল্লা ২২; শাপুর ২/১৯, আশরাফ ১/১৪, দৌলত ১/২৩, নবী ১/২৫)। আফগানিস্তান: ২০ ওভারে ১৩২/৮ (আসগর ৪৯, সফিকউল্লাহ ৩৬; মুখিয়া ৩/১৮, গৌচান ২/২৫, কামি ২/৩২, রেগমি ১/২৮)।
ফল: নেপাল ৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জিতেন্দ্র মুখিয়া।