আফগানিস্তানে ফুটবলজ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় যে দেশে অহর্নিশ শোনা যেত যুদ্ধাহত ব্যক্তিদের আহাজারি, সেখানে এখন চলছে ফুটবল উন্মাদনা। অনেক দিন আফগানিস্তানের সবুজ মাঠে গড়ায়নি ফুটবল, এবার অবসান হয়েছে সেই অপেক্ষার প্রহরও। আফগান প্রিমিয়ার লিগ (এপিএল) নামে এই প্রথম পেশাদার ফুটবল চালু করা হয়েছে, এর পর থেকে সারা দেশে চলছে তোলপাড়। আফগানরা এখন একটা জ্বরেই কাতর—ফুটবলজ্বর। ১৮ সেপ্টেম্বর পেশাদার লিগ শুরু হওয়ার পর থেকেই তা যেন মহামারির মতো ছড়িয়ে পড়েছে গোটা আফগানিস্তানে। আগামী শুক্রবারই লিগের ফাইনাল, তা নিয়ে শেষ নেই জল্পনা-কল্পনারও।তবে এই প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর গল্পটা বেশ মজার। এমনিতেই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পেশাদার ফুটবলার ছিলেন না বললেই চলে, কিন্তু একেবারে আনাড়িদের তো আর দুম করে মাঠে নামিয়ে দেওয়া যায় না! তাই অভিনব একটা ‘রিয়েলিটি শো’ আয়োজন করে আফগান টেলিভিশন কর্তৃপক্ষ। এর আগেও আফগানিস্তানে ফুটবল লিগ হয়নি এমন নয়, কিন্তু সেগুলো সরাসরি সম্প্রচারের কোনো ব্যবস্থা ছিল না। থাকবে কী করে? এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো তো যুদ্ধের দামামায় গুঁড়িয়েই গিয়েছিল। তবে রিয়েলিটি শো শুরুর পর প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পান আয়োজকেরা।‘মায়দান সাবজ’ বা সবুজ মাঠ নামের এই শোতে প্রায় চার হাজার শৌখিন ফুটবলার অংশ নেন। এঁদের অনেকেই ফুটবলটা মন্দ খেলেন না। নিয়মটা ছিল, স্থানীয় দলের সমর্থকদের ভোটেই অংশগ্রহণকারী ফুটবলারদের থেকে বাছাই করা হবে। এমনকি মনোবিদেরাও উপস্থিত ছিলেন চূড়ান্ত বাছাইয়ের সময়। এভাবেই সমর্থকদের মুঠোফোনের খুদে বার্তায় আটটি দলের প্রতিটিতে তিনজন করে খেলোয়াড় নেওয়া হয়। এএফপি।