আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে জয়ের জন্য আফগানিস্তানকে ২৪১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় তারা। বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আফগানিস্তানকে দেওয়া হয় ৪২ ওভারে ২২০ রানের টার্গেট। ৯ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৭১ রানের ম্যাচ-জয়ী এক ইনিংস খেলেছেন আফগানিস্তানের অধিনায়ক জাভেদ আহমাদি।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আসিফ আহমেদ। দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও সালমান হোসেন। কিন্তু ২২ ওভারের মধ্যে দলীয় ৮৮ রানেই সাজঘরে ফেরেন এই দুই ব্যাটসম্যান। সৌম্য করেছেন ৪২ রান। সালমানের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৪৩ রান। শেষ পর্যায়ে নুরুল হাসানের ৪০ রানের ঝোড়ো ইনিংস ও দেওয়ান সাব্বিরের ২৪ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৪০ রান যোগ করে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।এরপর বৃষ্টির বাধায় কমিয়ে আনা হয় খেলার দৈর্ঘ্য। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আফগানিস্তানকে দেওয়া হয় ৪২ ওভারে ২২০ রানের টার্গেট। উদ্বোধনী জুটিতেই ৭৭ রান যোগ করে জয়টা নাগালে নিয়ে আসেন আফসার খান ও অধিনায়ক জাভেদ আহমাদি। ৪৬ রান করে ফিরে যান আফসার। দ্বিতীয় উইকেটে সাবির নুরিকে সঙ্গে নিয়ে আবারও ৯৯ রানের জুটি গড়েন জাভেদ। এরপর নাজিবুল্লাহর ১৮ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।