বড়দের ক্রিকেটে যা-ই হোক, বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই চোখে পড়ার মতো। কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঘটল উল্টো ঘটনা। কাল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্টকে বিদায় বলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।কাতারকে ৩২৮ রানে হারিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের টুর্নামেন্ট। বাংলাদেশের তরুণদের প্রাপ্তি বলতেও এই একটাই জয়। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার তা-ও মেনে নেওয়া যায়, কিন্তু আফগানিস্তানের কাছে পরাজয়টাকে বড় একটা বিপর্যয়ই বলতে হবে। আট দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রত্যাশা অনুযায়ী সেমিফাইনালে উঠেছে। এশিয়ার টেস্ট খেলুড়ে চার দলের মধ্যে পারেনি শুধু বাংলাদেশ। তারা রয়ে গেছে নেপাল, মালয়েশিয়া ও কাতারের কাতারে।কাল টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান করেছিল আসিফ আহমেদের দল। ২২ রানে ওপেনার আসলাম হোসেনের বিদায়ের পর প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান সৌম্য সরকার (৪২) ও সালমান হোসেনের (৪৩) দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৯। দলের পক্ষে সর্বোচ্চ জুটি এটাই। মিডল অর্ডারে মোসাদ্দেক ৩০, আল আমিন ২৩ ও নুরুল হাসান ৪০ রান করলেও বড় জুটি হয়নি। বরং ৩১ থেকে ৪৬তম ওভারের মধ্যে মাত্র ৬৪ রানে পড়েছে ৫ উইকেট। নুরুল-দেওয়ান সাব্বিরের (২৪*) নবম উইকেট জুটিতে ৪৯ রান না এলে হয়তো দুই শর ঘরেও যেত না বাংলাদেশের স্কোর।২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামলে আফগানিস্তান ইনিংসের ৬ ওভার শেষেই শুরু হয় বৃষ্টি। স্কোরবোর্ডে রান তখন বিনা উইকেটে ১৯। ঘণ্টা খানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আফগানদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২১৯। মাত্র ৩ উইকেট হারিয়ে তারা ম্যাচ জিতে যায় ৯ বল বাকি থাকতেই। আফসার (৪৬) ও জাভেদের (৭১) ৭৭ রানের ওপেনিং জুটির পর শাব্বিরের (৫৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে আরও ৯৯ রানের জুটি হয় জাভেদের। আফসার অবশ্য ব্যক্তিগত ১ রানে সাব্বিরের বলে কাভারে ক্যাচ দিয়েও বেঁচে যান বাংলাদেশি ফিল্ডারের পিচ্ছিল হাতের সৌজন্যে। তবে টেলিফোনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফরুল আহসান বেশি বললেন বোলিং ব্যর্থতার কথাই, ‘আমরা খারাপ খেলেছি, ওরা ভালো খেলেছে—এটাই হলো কথা। বিশেষ করে আমাদের বোলিংটাই বেশি বাজে হয়েছে।’সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৪০/৯ (সৌম্য ৪২, আসলাম ৫, সালমান ৪৩, আসিফ ২, মোসাদ্দেক ৩০, আল-আমিন ২৩, নুরুল ৪০, নূর হোসেন ৯, নাঈম জুনিয়র ৬, সাব্বির ২৪*, নাসুম ০*। জাভেদ ৩/২৫, আফতাব ৩/৫১, শাব্বির ২/৩৭, শরাফুদ্দিন ১/৪৫)। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪০.৩ ওভারে ২২৩/৩ (জাভেদ ৭১, শাব্বির ৫৭, আফসার ৪৬, নাজিবুল্লাহ ৩৩*। সাব্বির ০/৩৩, আল-আমিন ০/১৯, নাঈম জুনিয়র ০/২১, নাসুম ০/৪১, নূর হোসেন ১/৭৮, মোসাদ্দেক ২/৩০)। ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ জয়ী ৭ উইকেটে। ম্যান অব দ্য ম্যাচ: জাভেদ আহমাদি।