আফগানিস্তানের সম্মানজনক হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য ওয়ানডে মর্যাদা পাওয়া আফগানিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে মন্দ খেলেনি। কাল শারজায় অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তাদের হার ৬৬ রানে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার ২৭২ রানের জবাবে ২০৬ রান করে দলটি তাদের সুন্দর ভবিষ্যতেরই ইঙ্গিত দিয়েছে। আসগর স্টেইনিকজাই ব্যাটে ঝড় তুলে শক্তিশালী অসি বোলিংয়ের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন, নামে তাঁরা অখ্যাত হতে পারেন, কিন্তু ক্রিকেটটা তাঁরা ভালোই খেলেন।শারজার দিন-রাতের ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। লক্ষ্য ছিল সুবিশাল এক সংগ্রহে আফগানিস্তানকে পরীক্ষার মুখে ফেলে দেওয়া। সে লক্ষ্যে শুরুটা ছিল তাঁদের উড়ন্ত। ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার আফগান বোলিংকে ছিন্নভিন্ন করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৩৭ রানের মাথায় ১৮ বলে ২৪ রান করা ওয়ার্নারকে ফেরান শাপুর জার্দান। উইকেটের পেছনে ওয়ার্নারের ক্যাচ নেন মোহাম্মদ শাহজাদ। এরপর ক্রিজে এসে মাইকেল ক্লার্ক ওয়েডকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১৩১ রানের জুটি। ব্যক্তিগত ৭৫ রানে মোহাম্মদ নবীর বলে তাঁকেই ফিরতি ক্যাচ দেন ওয়েড। ম্যাক্সওয়েল ব্যক্তিগত ২ রানে ফেরেন নবীর বলে নজীবুল্লাহ জার্দানকে ক্যাচ দিয়ে। মাইকেল ক্লার্ক আউট হন ৭৫ রানে, সামিউল্লাহ শেনওয়ারির বলে। মাইক হাসি স্বভাবসুলভ পরিশ্রমী ইনিংস খেলে ৪৯ রানে করিম সাদিকের বলে বোল্ড হন। ওয়েড, ক্লার্ক আর হাসির গড়া ভিতের ওপর দাঁড়িয়ে ডেভিড হাসি ও জর্জ বেইলি যথাক্রমে ১৩ ও ২৩ রান করে অস্ট্রেলিয়ার সংগ্রহ নিয়ে যান অনেকটাই আফগানিস্তানের ধারাছোঁয়ার বাইরে।আফগানিস্তানের শাপুর জার্দান ২ উইকেট নিলেও ছিলেন কিছুটা বেহিসেবি। আট ওভারে ৬০ রানের বিনিময়ে তাঁর এই জোড়া সংগ্রহ। করিম সাদিক ৬ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। মোহাম্মদ নবীর সংগ্রহ ২ উইকেট। এ ছাড়া ১টি উইকেট ঝুলিতে পুরেছেন সামিউল্লাহ শেনওয়ারি।জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটাও আশাজাগানিয়া ছিল না। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বড়সড় একটি হারের শঙ্কাই জাগিয়েছিল তারা। কিন্তু আসগর স্টেইনিকজাই মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৮৬ রানের এক জুটি। এই জুটি আফগানিস্তানকে স্বপ্ন দেখায় লড়াই করার। স্টেইনিকজাই আউট হন ৬৬ রানে। মাইকেল ক্লার্কের হাতে তিনি ক্যাচ দেন স্টার্কের বলে। নবী মিচেল জনসনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর সংগ্রহ ছিল ৪৬ রান। এই দুই সফল আফগান ব্যাটসম্যানের পাশাপাশি সামিউল্লাহ শেনওয়ারি (১৪) ও গুলবদিন নাইবের (২২) কাঁধে ভর করে আফগানিস্তান পেরোয় ২০০ রানের কোটা। যদিও ৪৩.৫ ওভারে ২০৬ রানেই ভেঙে যায় আফগান প্রতিরোধের দেয়াল, কিন্তু ব্যাটে-বলে লড়াকু মানসিকতায় দলটি জয় করে শারজা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের হূদয়। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৪৭ রানে ৪ উইকেট দখল করেন। জেমস প্যাটিনসন ৩টি, মিচেল জনসন ২টি ও ডোহার্টির সংগ্রহে এসেছে ১টি উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।