আফগানিস্তানেরও বিশ্বকাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ইংলিশ ক্রিকেটারের সেঞ্চুরি নেই—টেলিভিশন ধারাভাষ্যকার যখন এ কথা বলছিলেন, সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ব্যাটসম্যান লুক রাইট। ওভারের শেষ বলে স্ট্রাইকও নিলেন, কিন্তু দুঃখটা রয়েই গেল। দৌলত জারদানের লো-ফুলটস বলটাকে সীমানা পার করার চেষ্টা করলেন। কিন্তু দৌড়ে নিতে পারলেন ২ রান। শেষ পর্যন্ত ৯৯ রানে অপরাজিত, কোনো ইংলিশ ক্রিকেটারের টি-টোয়েন্টি সংস্করণে যেটা সর্বোচ্চ। অবশ্য কদিন আগেই ৯৯ করেছিলেন অ্যালেক্স হেলস। সেঞ্চুরিবঞ্চিত রাইটের ব্যাটে চড়েই রানের পাহাড়ে উঠল ইংল্যান্ড। ৫ উইকেট হারিয়ে তোলে ১৯৬। জবাবে ৮০ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। ১১৬ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।আগের ম্যাচে ভারতকে ভয় পাইয়ে দিয়েছিল আফগানিস্তান। তাই সবার নজর ছিল তারা দ্বিতীয় ম্যাচে কেমন করে। প্রথম ওভারের শেষ বলে কিসওয়েটারকে (০) ফিরিয়ে যেন ভারত ম্যাচের কথাই মনে করিয়ে দিচ্ছিল আফগানরা। এরপর ৬৯ রানে আউট হন হেলস। ততক্ষণে হাত খুলতে শুরু করেছেন রাইট। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে হাঁকিয়েছেন চার-ছক্কা। ৫৫ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত থাকলেন ৯৯ রানে।রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। একসময় তাদের স্কোর ছিল ২৬/৮—চোখ রাঙাচ্ছিল টি-টোয়েন্টির সর্বনিম্ন রানের রেকর্ড। তবে সেখান থেকে বুক চিতিয়ে দাঁড়ান এক আফগান—গুলবদিন নাইব। ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৪৪ রানের চমৎকার এক ইনিংস। বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে, বাদ পড়া দ্বিতীয় দলটা আফগানিস্তান। তথ্যসূত্র: ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৬/৫ (রাইট ৯৯*, হেলস ৩১, মরগান ২৭, বাটলার ১৫, বেয়ারস্টো ১২; শাপুর ১/২৪, দৌলত ১/২২, ইজাতুল্লাহ ২/৫৬)। আফগানিস্তান: ১৭.২ ওভারে ৮০ (গুলবদিন ৪৪; ফিন ১/২৪, ডার্নবাখ ২/১৬, ব্রড ২/১০, প্যাটেল ২/৬, সোয়ান ২/২২)।ফল: ইংল্যান্ড ১১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লুক রাইট।