আফতাবের না থাকাও চমক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জনের প্রাথমিক দলে সাধারণত জাতীয় দলের আশপাশে থাকা সব ক্রিকেটারই থাকেন। কাল ২০১১ বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে যেমন আছেন অলক কাপালি-এনামুল হক জুনিয়রের মতো ক্রিকেটাররাও। কিন্তু এই ৩০ জনেও নেই এমন একজন, আইসিএল থেকে ফেরার পর যাঁর স্বপ্নই ছিল মাথায় লাল-সবুজ স্কার্ফ বেঁধে দেশের মাটিতে বিশ্বকাপ খেলবেন—আফতাব আহমেদ।আইসিএল থেকে ফেরার পর নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন, খেলেছেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও। কিন্তু এর পর থেকে জাতীয় দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে বাড়তে এখন এমন পর্যায়ে যে নির্বাচকেরা নাকি তাঁকে খুঁজেও পান না! ৩০ জনের প্রাথমিক দলে তাঁর না থাকার কারণ হিসেবে এই বিষয়টাই সামনে এনেছেন প্রধান নির্বাচক রফিকুল আলম, ‘ইংল্যান্ড সফরের আগে ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা তাকে খুঁজে পাইনি। তার দিক থেকেও কোনো যোগাযোগ ছিল না। খেলা বা প্র্যাকটিস থেকে দূরে আছে, এমন কাউকে তো আর এখানে আনা যায় না।’গত দুই-আড়াই বছর যাঁরা জাতীয় দলে খেলেছেন, তাঁদের প্রায় সবাই আছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। আছেন জাতীয় দলের কড়া নাড়ছেন এমন কয়েকজনও। বিশ্বকাপের এক মাস আগে এই ক্রিকেটারদের মধ্য থেকেই ১৫ সদস্যের চূড়ান্ত দল পাঠাতে হবে আইসিসির কাছে এবং সেখানেও নির্বাচনের মানদণ্ড একই থাকবে বলে জানালেন প্রধান নির্বাচক। তবে তিনি বলেছেন, ‘যেসব ক্রিকেটার একই রকম পারফর্ম করছে বা একই পর্যায়ে আছে, তাদের ক্ষেত্রে কোনো একজনকে বেছে নিতে আসন্ন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেই গুরুত্ব দেব আমরা।’ প্রাথমিক দল ঘোষণার পাশাপাশি আট সদস্যের টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত হলেও দেশের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব কার হাতে থাকবে, সে সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়কত্বটাকে সম্ভবত খুব বেশি চিন্তাভাবনার ব্যাপার বলে মনে করে না।প্রাথমিক দলের ৩০ ক্রিকেটারকে নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবেন জেমি সিডন্স। সে ক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটারদের প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে না খেলার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ দলের জন্য ঢাকা প্রিমিয়ার লিগ আর সিডন্সের অনুশীলন ক্যাম্পই ভরসা এখন। গতকাল বিসিবির টেকনিক্যাল কমিটিতে বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না হওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়ে গেছে। সভা শেষে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘যেহেতু বড় কোনো দল পাওয়া যাচ্ছে না, বিশ্বকাপের আগে আমরা আর কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলারই পক্ষে।’বিশ্বকাপের প্রাথমিক দলসাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, শামসুর রহমান, জহুরুল ইসলাম, সগীর হোসেন, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, অলক কাপালি ও এনামুল হক জুনিয়র।