আফসোস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা মুখোপাধ্যায় যতই একটুও মেঘ না থাকলে খোলা আকাশ ভালো লাগত না বলে গেয়ে যান, কখনো কখনো ওই ‘একটু মেঘ’ বড় মন খারাপের কারণ হয়! কাল সকালে তৃতীয় ওভারেই মাহমুদউল্লাহ আউট হয়ে যাওয়ায় যেমন হলো।আগের দিন আবুল হাসানের অবিশ্বাস্য কীর্তিতে আড়াল হয়ে গেছেন। তবে সত্যি তো এটাই, অন্য প্রান্তে মাহমুদউল্লাহ না থাকলে হাসানের ওই কীর্তি করা হয় না। হাসানকে শুধু সাহসই দেননি, নিজেও রান করেছেন এবং সেটি সেই চোখে মায়াঞ্জন বুলিয়ে দেওয়ার ভঙ্গিতেই। তামিমের ব্যাটে ঔদ্ধত্যের স্পর্ধাটাও কম আকর্ষণীয় নয়, তবে ব্যাটিংয়ের সৌন্দর্যের বিচারে বাংলাদেশের এই দলে মাহমুদউল্লাহর ধারেকাছে কেউ নেই। কেমন যেন একটা মায়াবী ব্যাপার আছে তাঁর ব্যাটিংয়ে। এই যে পরশু দিন শেষে ৮৯ বলে অপরাজিত ৭২, স্ট্রাইক রেট প্রায় ৮১—একবারও কি মনে হয়েছে খুব মেরে খেলছেন! না, সেঞ্চুরিটা মাহমুদউল্লাহর প্রাপ্য ছিল।মন খারাপ হওয়ার কথা যে বলছিলাম, সেটির মূল কারণ অবশ্য মাহমুদউল্লাহর সেঞ্চুরি না পাওয়া নয়। তাঁর আউটটি যে একই সঙ্গে বড় একটা অর্জন থেকেও বঞ্চিত করল বাংলাদেশকে। হাসানের সঙ্গে তাঁর নবম উইকেট জুটিটি ১৮৪ রানের। বিশ্ব রেকর্ডটি ছিল আর মাত্র ১১ রান দূরে। সেটি হলে কী দারুণ ব্যাপারই না হতো!আবুল হাসান যা করেছেন, সেটি তো ইতিহাস। টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে সর্বোচ্চ রানও রেকর্ড, তবে এই রেকর্ড তো আর সব সময় চর্চিত হওয়ার নয়। আবার কোনো দিন যদি কেউ অভাবিত কিছু করে ফেলেন, শুধু তখনই শুধু আলোচিত হবে এটি। জুটির রেকর্ডটি হলে কিছুদিন পর পরই উঠে আসত বাংলাদেশের নাম। নবম উইকেটে ১০০ হলেই শুধু হয়ে যেত রেকর্ড ঘাঁটাঘাঁটি। সেখানে গিয়ে সবাই দেখত জ্বলজ্বল করছে বাংলাদেশ।টেস্ট ক্রিকেটে বিভিন্ন উইকেটে জুটির রেকর্ডে এখন যে ‘বাংলাদেশ’ নেই, তা নয়। শুরুতেই আছে। তবে সেটি না থাকলেই ভালো হতো। বাংলাদেশের নাম যে রেকর্ডের ভুক্তভোগী হিসেবে। ২০০৮ সালে গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি (৪১৫) বাংলাদেশের বিপক্ষেই চট্টগ্রামে। কাল মাহমুদউল্লাহ-হাসানের জুটিতে বিশ্ব রেকর্ডটা হয়ে গেলে এক ঢিলে দুই পাখি মরত। মানুষ জানত, বাংলাদেশের বিপক্ষে যেমন জুটির রেকর্ড হয়েছে, আবার বাংলাদেশও রেকর্ড করেছে। এটা পাখি নাম্বার এক। দুই নাম্বার পাখিটা হলো, যে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ওই যন্ত্রণা দিয়েছে, তাদের একটা রেকর্ড কেড়ে নেওয়া যেত।নবম উইকেটে রেকর্ড জুটিটা দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্সের। কাকতালীয়ভাবে, টেস্টে ১০ নম্বরে নেমে সর্বশেষ সেঞ্চুরিটাও জড়িয়ে এই জুটির সঙ্গেই। মূলত অফ স্পিনার প্যাট সিমকক্স করেছিলেন ১০৮। ভবিষ্যতে ১০ নম্বর ব্যাটসম্যানের সেঞ্চুরি নিয়ে কোনো সাংবাদিক স্টোরি করতে চাইলে তাঁর সাকলায়েন মুশতাকের সঙ্গে কথা বলা উচিত।এখানে সাকলায়েন আসছেন কীভাবে? আসছেন, কারণ ১০ নম্বর ব্যাটসম্যানের দুটি সেঞ্চুরি সম্ভবত তিনি একাই দেখেছেন। প্রথম যে দুটি ঘটনা, তার একটি ১২৮ বছর আগে, অন্যটি ১০২ বছর আগে। যাঁরা তা চর্মচক্ষে দেখেছেন, তাঁরা তো সবাই মরে ভূত। সাকলায়েনই শুধু বলতে পারেন, হুঁ হুঁ, আমি এমন অবিশ্বাস্য ঘটনা দুবার দেখেছি। ১৯৯৮ সালে যে জোহানেসবার্গ টেস্টে সিমকক্সের সেঞ্চুরি, তাতে খেলেছিলেন সাকলায়েন। শুধু খেলেনইনি, সিমকক্সকে আউট করে পাকিস্তানকে ওই যন্ত্রণা থেকে মুক্তিও দিয়েছিলেন তিনিই। পরের ওভারে বাউচারকে ফিরিয়ে ইনিংস শেষও তাঁর হাতেই। সেই সাকলায়েন এবার বাংলাদেশের স্পিন বোলিং কোচের ভূমিকায় আবুল হাসানকে ‘সিমকক্স’ হয়ে যেতেও দেখলেন। একেই বলে ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা।যেমন ছিলেন প্রয়াত বব উলমার। ব্রায়ান লারা যখন ৫০১ রান করে প্রথম শ্রেণীর ক্রিকেটে হানিফ মোহাম্মদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন, ওয়ারউইকশায়ারের ড্রেসিংরুমে উলমার ঘোষণা করলেন, তিনি হানিফ মোহাম্মদের ৪৯৯-ও দেখেছেন। হানিফের রেকর্ডের সময় বাবার চাকরি সূত্রে উলমার ছিলেন পাকিস্তানে। বালক উলমার বাবার হাত ধরে মাঠেও গিয়েছিলেন। আর ডারহামের বিপক্ষে লারার রেকর্ড গড়ার সময় তো তিনি ওয়ারউইকশায়ারের কোচই। উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক এটা নিয়ে আলাদা একটা স্টোরিও করেছিল।২০০৩ বিশ্বকাপে ডারবানের কিংসমিডে যাওয়ার পথে বব উলমারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। হানিফ-লারার দুটি রেকর্ডেই তাঁর উপস্থিতির কথা মনে করিয়ে দেওয়ায় হাসি দিয়ে বলেছিলেন, ‘ক্রিকেটার হিসেবে তো রেকর্ড করতে পারিনি। অন্যভাবে একটা রেকর্ড করলাম। অন্য রেকর্ড তো ভেঙে যায়, আমারটা ভাঙার কোনো সুযোগ নেই।’রেকর্ড যে আসলে কত রকম হয়!