আফসোস নেই মমিনুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমিনুল হক
মমিনুল হক

পুরো সিরিজে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। চট্টগ্রাম টেস্টে ১৮১। মিরপুর টেস্টে অপরাজিত ১২৬। দুবার নটআউট ছিলেন বলে এই সিরিজের তাঁর ব্যাটিং গড় ১৮৮! শুধু এই সিরিজটির জন্য নয়, বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকের পর থেকে মমিনুল হক আশ্চর্য রকমের ধারাবাহিক। বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলে ফেলেছেন। এখনো তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় ৮৩.৪২!
৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার ২২ বছর বয়সী খুদে ব্যাটসম্যানটি যেন উইকেটে গেলে অন্যরকম হয়ে যান। কী ভীষণ পরিণত! কী ভীষণ সাবলীল! কিন্তু সেই মমিনুল যখন সাংবাদিকদের সামনে জড়োসড়ো, তখনই যেন বেরিয়ে আসে তাঁর আসল বয়স।
মিরপুর টেস্টের ম্যাচসেরা তো হয়েছেনই, প্রথমবারের মতো হলেন সিরিজ সেরাও। অধিনায়ক-কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন। বসে ছিলেন চুপটি করে। কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকার ‘সৌভাগ্য’ হলো না। তাঁকে নিয়ে যে সাংবাদিকদের ঝুড়ি ঝুড়ি প্রশ্ন।
শুরুতেই মমিনুল জানিয়ে দিলেন, এখন তৃপ্তির ঢেঁকুর তোলার প্রশ্নই আসে না। নিজেকে আরও শাণিয়ে নিতে চান। কঠোর পরিশ্রম করে ভাঙতে চান সাফল্যের একেকটি সিঁড়ি, ‘টেস্টে যে পরিকল্পনা নিয়ে খেলেছিলাম, যেভাবে খেলেছিলাম, আমি ওই পরিকল্পনা নিয়েই খেলব। আলাদা কোনো চিন্তাভাবনা করছি না। খেলাটা উপভোগ করছি, কিছু শেখার চেষ্টা করছি। ভবিষ্যতেও উন্নতি করার চেষ্টা করব।’
কাল সারাদিন জ্বর নিয়ে ব্যাটিং করেও অপরাজিত ছিলেন। আজও খানিকটা ম্রিয়মাণ দেখাল তাঁকে। জ্বর পুরোপুরি হয়তো সারেনি। তবে শেষ পর্যন্ত আর মাঠে নামতেই হলো না। এটা কি তাঁর জন্য আফসোসেরও নয়?
বাংলাদেশের পক্ষে দুই টেস্টের সিরিজের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। মমিনুলের সামনে সুযোগ ছিল তিন টেস্টের সিরিজে গড়া হাবিবুল বাশারের ৩৭৯ রানের রেকর্ডও ভেঙে দেওয়ার। মাত্র তিন রান দূরে ছিলেন। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি না পাওয়ার দুঃখটাও হয়তো ঘুচিয়ে দিতে পারতেন। ২ টেস্টের সিরিজের চার শর বেশি রান তোলা টেস্ট ইতিহাসের অল্প কজন ব্যাটসম্যানের তালিকাতেও হয়তো উঠে যেত তাঁর নাম।
কী হতে পারত, এ নিয়ে বৃথা আফসোস করে লাভ কী? যা হয়েছে তাতেই বরং খুশি মমিনুল, ‘আসলে আমার তো কিছু করার ছিল না। বৃষ্টি হয়েছে...এটা পুরোপুরি আল্লাহর ওপর নির্ভরশীল। এটা নিয়ে আমি তেমন হতাশ নই। কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে হতাশার কিছু নেই।’
হাবিবুলের রেকর্ডটার যে খুব কাছে গিয়েছেন, সেটা গতকালই শুনেছেন। মাত্র চারটি রান করতে পারলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অন্তত এক জায়গায় সবার ওপর থাকত তাঁর নাম। তবে এ নিয়েও আক্ষেপ তিনি করছেন না, ‘হ্যাঁ, শুনেছিলাম আমি রেকর্ডের কাছে আছি। কিন্তু আফসোস নেই। আজ নেমে হয়তো প্রথম বলেই আউট হতে পারতাম। সেজন্য তাই এ নিয়ে আফসোস নেই।’
কাল তৃতীয় উইকেট জুটিতে দীর্ঘক্ষণ তামিম ইকবালকে পাশে পেয়েছেন। তামিম সিনিয়র হিসেবে পথ দেখিয়েছেন। এ জন্য ‘বড় ভাই’কে ধন্যবাদ জানাতেও ভুলছেন না, ‘তামিম ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে ৯৯ রানে অপরাজিত থাকার সময়। ওই সময় রান করতে পারছিলাম না। আমার খুব নার্ভাস লাগছিল। তখন উনি বলেছেন, ১ রানের জন্য প্রয়োজনে ১০০ বল খেলবি। সমস্যা নেই।’
এই সিরিজে নিজেকে নতুন করে আবিষ্কার করলেন কী? এই প্রশ্নটাতেও বেরিয়ে এল মমিনুলের আসল বয়স। এত কিছু কি ছোট্ট মাথায় খেলে? কৈশোরের সারল্য দিয়ে মমিনুল উত্তর দিলেন, ‘ঠিক ওভাবে ব্যাখ্যা করতে পারব না। তবে আমার যে পরিকল্পনা ছিল, আমি সেভাবে খেলার চেষ্টা করেছি। খেলায় উন্নতি আনার চেষ্টা করেছি। নিজেকে নতুন করে আবিষ্কারের কিছু নেই। আমি খেলাটা উপভোগ করেছি। সেজন্যই হয়তো সফল হয়েছি।’
দ্রুতই যেন কথা ফুরিয়ে যায় মমিনুলের। হোটেলে ফেরার তাড়ায় দ্রুত চলেও যান। যতক্ষণ ব্যাট দিয়ে কথা বলছেন, ততক্ষণ মুখ দিয়ে এত কথা বলার দরকারটাই বা কী!