আফসোসের সঙ্গে আছে তৃপ্তিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল খেলতে না পারার আফসোস আছে। তবে ত্রিদেশীয় সিরিজ নিয়ে অতৃপ্তি নেই মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ে সফরের মূল উদ্দেশ্য ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। সেদিক দিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।জিম্বাবুয়েতে ১৪ দিনের সফর শেষে কাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠের ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে দুটিতে জয়, দুটিতে পরাজয়। ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা বাদ দিলে সিরিজের এই ফলাফলে খুশি মুশফিক। ‘ফাইনালে যেতে না পারায় আফসোস তো আছেই। তবে আমরা দুটি ম্যাচ জিতেছি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সফরটা ভালোই হয়েছে’—বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্রামে থাকায় এই সফরে দলে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর অভাব ভালোই বুঝেছেন মুশফিক, ‘সাকিবের মতো খেলোয়াড় না খেললে যেকোনো দলই তাঁকে মিস করবে। আমরাও করেছি।’ তবে মোহাম্মদ আশরাফুলের ফিরে আসা এবং নতুনদের পারফরমেন্সে সন্তুষ্ট মনে হয়েছে অধিনায়ককে।আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগামী মাসে আয়ারল্যান্ড ও হল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। এরপর বিসিবি একাদশের আদলে যাবে ত্রিনিদাদেও। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সফরগুলোতেও ভালো খেলার আশা মুশফিকের।দলের সঙ্গে কাল ঢাকায় ফেরেননি কোচ রিচার্ড পাইবাস, ট্রেনার গ্রান্ট লুডেন ও ফিজিও বিভব সিং। জিম্বাবুয়ের পাশের দেশ দক্ষিণ আফ্রিকার বাসিন্দা বলে তিনজনই কয়েক দিনের ছুটি নিয়েছেন। যাঁরা ফিরেছেন, আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে তাঁদের সবাই আজ দাঁড়াবেন যুক্তরাজ্যের ভিসার জন্য। আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার কথা আগামী ৫ জুলাই।