আফসোসের সঙ্গে তৃপ্তিও সঙ্গী তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম বাংলায় বলতে থাকলে তিনি কিছুই বুঝতেন না। কিন্তু প্রশ্নোত্তর পর্বের যে পর্যায়ে শিবনারায়ণ চন্দরপল সংবাদ সম্মেলনকক্ষে এসে ঢুকলেন, তামিম ইংরেজিতে বলছিলেন, ‘আই লাইক টু ব্যাট ফাস্ট।’তামিমের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই নিজের সংবাদ সম্মেলনের জন্য উপস্থিত চন্দরপলের জন্য এটা নতুন তথ্য নয়। মাঠেই দেখেছেন তাঁর উল্টো স্বভাবের তামিমের ব্যাটিং। তামিম নিজেও নাকি চন্দরপলকে বলেছেন, ‘আমি তো তোমার মতো পারি না।’বড় কোনো ওলটপালট না ঘটলে আন্তর্জাতিক ক্রিকেটের খাতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট আনুষ্ঠানিকতা মাত্র। তবে ঢাকা টেস্ট একই দিনে যেভাবে টেস্ট ক্রিকেটকে দেখাল দুই রকম ব্যাটিং, সচরাচর চোখে পড়ে না সেটা। একদিকে চন্দরপলের ঘুমপাড়ানি গতি, অন্যদিকে তামিমের চার-ছক্কা। তামিমের ব্যাটিংয়ের সময় এ নিয়ে মাঠেই কথা হয়েছে দুজনের।চন্দরপল: তুমি টি-টোয়েন্টি খেলছ নাকি!তামিম: না, তোমার বোলাররা যেমন বল করছে...। তা ছাড়া আমি তো তোমার মতো পারি না। তোমার টেম্পারমেন্টটা আমার দরকার।চন্দরপল: এভাবেই খেলতে থাকো। এটা তোমার মধ্যেও এসে যাবে। আর আমিও তোমার মতো পারি না। চন্দরপলের মতো খেলতে না পারায় মৃদু আফসোস আছে তামিমের। মনে মনে ভাবেন, যদি শট খেলার ক্ষমতার সঙ্গে উইকেটে পড়ে থাকার ও রকম ধৈর্যও থাকত। তামিম ইকবালকে আর পেত কে?সমস্যা হলো, ব্যাটিংয়ের রসায়নে এ দুটির সম্মিলন খুব কমই ঘটে। দিন শেষে তামিম তাই তাঁর মতো খেলেই খুশি। ধুম-ধাড়াক্কা ব্যাটিংয়ের মাশুল হিসেবে সেঞ্চুরি না পাওয়া রক্তক্ষরণ ঘটাচ্ছে না তেমন, ‘কোন ব্যাটসম্যান চাইবে ৭০ করে আউট হতে? তবে খুব বেশি খারাপ লাগছে না। আমার অ্যাপ্রোচ ঠিক ছিল। শট সিলেকশনে ভুল করেছি। অ্যাপ্রোচ ভুল থাকলে দুঃখ পেতাম।’ অনুশোচনা বলতে আউটটা নিয়েই, ‘ভালো বল ছাড়তে হবে, ছাড়ছিলামও। কিন্তু যে বলে আউট হয়ে যাই, তার শট নির্বাচন ছিল ভুল। লেগ সাইড খালি ছিল, সেটিও হয়তো মাথায় কাজ করেছে।’ তামিমের ক্রিকেট-অভিধানে ব্যাটসম্যান দুই রকমের। এক দল রান করে উইকেটে থিতু হয়, অন্য দল থিতু হয় সময় কাটিয়ে। তামিম নিজেকে রাখেন প্রথম দলে, ‘যদি দেখি, স্কোরবোর্ডে রান হচ্ছে, তাহলে আমি দ্রুত সেট হয়ে যাই। এটা কখনোই ছাড়তে চাইব না, কারণ এটিই আমার শক্তির জায়গা।’ তামিমের পর সংবাদ সম্মেলনে এসে চন্দরপলও দিয়েছেন এই স্বীকৃতি, ‘তামিমের ব্যাটিং দেখে বিস্মিত হওয়ার কিছু নেই। এটাই তার স্টাইল। ক্রিস গেইলের ব্যাটিং দেখে তো আমরা বিস্মিত হই না। ওটাই ওর খেলা।’ তবে এভাবে খেলতে গিয়ে যে মাঝেমধ্যেই অতৃপ্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয়, সে জন্য তামিমেরও একটু আফসোস আছে, ‘এটি খুব হতাশার, গত বেশ কয়েকটা ইনিংসে আজব আজব শট খেলে আউট হয়েছি। আমি যেভাবে খেলি, এটা হওয়াই স্বাভাবিক। আমি স্ট্রোক প্লেয়ার, দ্রুত রান করতে চাই।’মারার মতো হলে ইনিংসের প্রথম বলেও মারবেন-তামিমের ব্যাটিং-দর্শনেরই অংশ এটা। কালও মেরে খেলা বলগুলো মারার বল ছিল বলে যুক্তি তুলে ধরলেন সংবাদ সম্মেলনে, ‘যে কোচই হোক না কেন, আমার ব্যাটিং নিয়ে কখনো কিছু বলা হয় না। এই ইনিংসেও শটগুলো দেখবেন, সবই প্রায় মারার মতো ছিল। সুনীল নারাইনের দুটি বলে কেবল নিজ থেকে বেরিয়ে এসে মেরেছি। অন্যগুলো জোর করে মারা নয়।’ ভালো বল ছাড়া, বাজে বলে আক্রমণাত্মক হওয়া আর যতটা সময় সম্ভব উইকেটে পড়ে থাকা—এই তিনেরই নাকি মিল ঘটাতে চেয়েছিলেন ব্যাটিংয়ে। মিরপুরের উইকেটে অসম্ভব মনে হচ্ছে না সেটা। তামিমের হিসাবে তাই কাল অন্তত দুটি উইকেট বেশি হারিয়েছে বাংলাদেশ।বাকি ব্যাটসম্যানদের জন্যও তৃতীয় দিনের করণীয় ঠিক করে দিলেন এই সমীকরণে ফেলে। রানও তুলতে হবে, উইকেটও কম হারাতে হবে। লম্বা ব্যাটিং-অর্ডার আশাবাদী করছে তামিমকে, ‘ওরা একটি জুটিতেই ম্যাচ বদলে দিয়েছে। আমরাও একটি-দুটি বড় জুটি করতে পারলে ভালো অবস্থানে চলে যাব। রিয়াদ-মুশফিক-নাসির আছে। বড় জুটি হতেই পারে।’এবার জাতীয় লিগে তিন ইনিংস খেলে সেঞ্চুরি করেছেন তিনটিতেই। সেই আত্মবিশ্বাস যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সঙ্গী হচ্ছে, সেঞ্চুরি না পেলেও ৭২ রানের ইনিংস তার একটা প্রমাণ। তামিম তাই পাচ্ছেন ড্রেসিংরুমের সমর্থন। অনেকটা তাঁর মতোই ব্যাট করা আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস সন্ধ্যায় মাঠ ছাড়ার আগে যেমন বলে গেলেন, ‘সবাই হয়তো চন্দরপলের ব্যাটিংয়ের সঙ্গে তুলনা দিচ্ছে। কিন্তু আমরা মারার বলেই মেরেছি। এটাই আমাদের স্টাইল।’স্কোরকার্ডওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস(প্রথম দিন শেষে ৩৬১/৪; চন্দরপল ১২৩*, রামদিন ৫২*) রান বল ৪ ৬চন্দরপল অপরাজিত ২০৩ ৩৭২ ২২ ০রামদিন অপরাজিত ১২৬ ২৩৬ ১১ ১অতি. (বা ৫, লেবা ১২, ও ২, নো ৮) ২৭মোট (১৪৪ ওভারে, ৪ উইকেটে, ডি.) ৫২৭উইকেট পতন: ১-৩২ (গেইল, ৪.৬ ওভার), ২-৭৪ (ব্রাভো, ১৬.১), ৩-১০৬ (স্যামুয়েলস, ২৮.২), ৪-২৩১ (পাওয়েল, ৬১.১)।বোলিং: সোহাগ ৪৭-৭-১৪৫-৩, শাহাদাত ২১-৩-৮৫-১ (নো ৭), রুবেল ১৮-০-৮৯-০ (নো ১, ও ১), মাহমুদউল্লাহ ১৪-০-৪৫-০, সাকিব ৩৪-৪-১০৪-০, নাঈম ৮-১-২৪-০, নাসির ১-০-৮-০, তামিম ১-০-১০-০। বাংলাদেশ ১ম ইনিংসতামিম ক নারাইন ব স্যামি ৭২ ৭১ ১০ ২জুনায়েদ ক ব্রাভো ব রামপল ৭ ১৪ ১ ০শাহরিয়ার ক রামদিন ব রামপল ৩১ ২৭ ৭ ০নাঈম ব্যাটিং ২৭ ৬০ ৫ ০সাকিব ব্যাটিং ১৬ ৪৬ ২ ০অতি. (বা ৪, লেবা ৪, ও ১, নো ২) ১১মোট (৩৬ ওভারে, ৩ উইকেটে) ১৬৪উইকেট পতন: ১-২৫ (জুনায়েদ, ৪.৫), ২-৮৮ (শাহরিয়ার, ১২.৪), ৩-১১৯ (তামিম, ২২.৬)।বোলিং: রামপল ৮-০-৪৯-২ (নো ১), বেস্ট ৭-১-৩১-০ (ও ১), স্যামি ৫-০-২১-১, নারাইন ১০-৩-৪০-০ (নো ১), পেরমল ৩-২-১-০, গেইল ৩-০-১৪-০।