আফ্রিকা! আফ্রিকা!
বিশ্বকাপের মহাদেশ-প্রীতির কথা কি জানেন? এখন পর্যন্ত যে ১৮টি বিশ্বকাপ হয়েছে, তাতে ৯ বার জিতেছে ইউরোপের দেশগুলো। বাকি নয়বার শিরোপা গেছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। সমতা! যে সাতবার দুই আমেরিকা মহাদেশে বিশ্বকাপ হয়েছে (চারবার দক্ষিণে, তিনবার উত্তরে) তাতে প্রতিবারই শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকারই কোনো না-কোনো দেশ। ইউরোপে বিশ্বকাপ হয়েছে ১০ বার। নয়বারই জিতেছে ইউরোপেরই দেশগুলো। একটি মাত্র ব্যতিক্রম ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ, যেবার প্রথম শিরোপা জিতেছিল ব্রাজিল।ইউরোপ আর দক্ষিণ আমেরিকার বাইরে এখন পর্যন্ত বিশ্বকাপ হয়েছে চারটি। ১৯৭০ মেক্সিকো, ১৯৮৬ মেক্সিকো, ১৯৯৪ যুক্তরাষ্ট্র এবং ২০০২ সালে এশিয়ার প্রথম আসর। চারবারের তিনবারই শিরোপা জিতেছে ব্রাজিল। এবারকার বিশ্বকাপটাও হচ্ছে ফুটবলের আধিপত্য-বিস্তারী প্রধান দুই মহাদেশের বাইরে। আফ্রিকায়। এবারও কি তবে ব্রাজিল?আফ্রিকায় এটি প্রথম বিশ্বকাপ। এবং এই প্রথমের সঙ্গে আরও একটি প্রথম যুক্ত হতে দেখতে চায় অনেকে—দক্ষিণ আমেরিকা কিংবা ইউরোপের বাইরে কোনো দেশের হাতে শিরোপা। এশিয়ার দেশগুলো সেই স্বপ্নটাকে এখনো দুঃসাহস বলেই ভাবে। যুক্তরাষ্ট্রও তথৈবচ। কেবল আফ্রিকাই দেখছে সেই দুঃসাহস। এবার বিশ্বকাপ শিরোপা জিততে চায় আফ্রিকারই কোনো দেশ।আফ্রিকানরা এই ভেবে অনুপ্রাণিত হতে পারে, খোদ জীবন্ত কিংবদন্তি পেলেই জোরাল সমর্থন দিচ্ছে তাদের। ১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ বিশ্বকাপজয়ী পেলে নিজে আশায় বুক বেঁধেছেন আফ্রিকার কারও হাতে শিরোপা দেখার অপেক্ষায়, ‘এ বছর কী হতে পারে সেটা অনুমান করা কঠিন। তবে হয়তো আমরা একটা চমকই দেখতে পাব এবার। আফ্রিকান দলগুলো শক্ত গ্রুপে পড়েছে। কিন্তু তারা যদি নকআউট পর্বে উঠে যেতে পারে, তাহলে অবশ্যই একটা চমক আমরা দেখব।’আফ্রিকা নিয়ে পেলের এমন আশাবাদ প্রথম নয়। পেলের নিজের শরীরেও আফ্রিকান রক্তই প্রবাহিত। শিরায়-ধমনিতে আফ্রিকার জন্য টান তো তিনি অনুভব করবেনই। এই পেলেই একবার সাড়া জাগানো মন্তব্য করেছিলেন, ২০০০ সালের আগেই আফ্রিকার কোনো দেশের হাতে উঠবে শিরোপা। ওই ভবিষ্যদ্বাণী পূরণ হয়নি। কিন্তু পেলের প্রত্যাশার ডিঙি এখনো ভাসছে আশার সাগরে।আফ্রিকার প্রতি না হয় টান থেকেই বলছেন পেলে। কিন্তু ফ্রাঞ্জ বেকেনবাওয়ার? অধিনায়ক এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতার একমাত্র কৃতিত্বের অধিকারী এই জার্মান কিংবদন্তিও কিন্তু এবার আফ্রিকার কোনো দেশের পক্ষেই বাজি ধরতে চান। শিরোপা না হোক সেরা চারে আফ্রিকার কোনো দেশকে দেখবেন বলে আশাবাদী বেকেনবাওয়ার, ‘আমার দৃঢ়বিশ্বাস, এবার সেমিফাইনালে আফ্রিকান কোনো দেশকে দেখা যাবে। ঘানা তো খুবই শক্তিশালী দল। আইভরিকোস্টও। আর স্বাগতিক হওয়ার সুবিধা তো দক্ষিণ আফ্রিকা পাবেই।’আরও তিনটি দেশের নাম বলতে ভুলে গেছেন বেকেনবাওয়ার—আলজেরিয়া, ক্যামেরুন আর নাইজেরিয়া। এই তিন দলেরও আছে চমকে দেওয়ার ক্ষমতা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুন আর ২০০২ বিশ্বকাপে সেনেগালের কথা নিশ্চয়ই মনে আছে সবার।তাই সাবধান ইউরোপ, সাবধান দক্ষিণ আমেরিকা!