আফ্রিকা কি পারবে?

১৯৮২ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিরাট চমক দেখিয়েছিল আলজেরিয়া। এরপর পেরিয়েছে ৩২ বছর। বিশ্বকাপে আবারও সেই জার্মানি-আলজেরিয়া লড়াই। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই স্পেনকে ৩-২ গোলে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল নাইজেরিয়া। ১৬ বছর পর আজ নাইজেরিয়ার সামনে স্পেন নয়, সেই বিশ্বকাপের আয়োজক ফ্রান্স। কথা হলো, ‘মরুর শিয়াল’ কিংবা আফ্রিকার ‘সুপার ইগল’ কি পারবে আরেকটি ইতিহাস গড়তে?
ইতিহাস যা-ই হোক না কেন, প্রতিপক্ষ জার্মানি বলেই কি না আলজেরিয়ার মিডফিল্ডার হাসান ইয়েবদা বললেন, ‘আমরা অনেকটাই আশাবাদী। জার্মানি বিশ্বকাপের অন্যতম সেরা দল। অনেক শক্তিশালী দল। এই দলটির বিপক্ষে ভালো করতে আমাদের প্রয়োজন নিজেদের সেরা খেলাটা খেলা। যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারি, সেটি হবে দুর্দান্ত।’
ওদিকে নাইজেরিয়াকে মোকাবিলা করতে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে দিদেয়ের দেশমকে। দলের অন্যতম ভরসা করিম বেনজেমা যাতে শতভাগ ঢেলে দিতে পারেন, সে দিকেই মনোযোগ ফরাসি কোচের। গ্রুপ পর্বে আর্জেন্টিনার রক্ষণভাগ কাঁপিয়ে দেওয়া সিএসকেএ মস্কো উইঙ্গার আহমেদ মুসা চিন্তিত নিজেদের রক্ষণভাগ নিয়ে। বললেন, ‘আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে আর ওপরে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে। আর্জেন্টিনার ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’
আফ্রিকার দুই প্রতিনিধির সামনে ইতিহাস গড়ার সুযোগ । যদি এ সুযোগ কাজে লাগাতে পারে আলজেরিয়া-নাইজেরিয়া, হেসে উঠবে গোটা আফ্রিকা। আর না পারলে ঠিক তার বিপরীত ঘটনাই ঘটবে।