আফ্রিকা মানেই তো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গযেখানেই যাচ্ছি, গলায় ঝোলানো কার্ড দেখে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের একটাই আবদার শুনছি। একটা টিকিট হবে? উদ্বোধনী ম্যাচের টিকিট? যতই বলি, ওসব আমাদের কম্মো নয় বাপু, ততই তাদের নাছোড় আরজি, ‘না, তুমি চেষ্টা করলে পারবে।’ দক্ষিণ আফ্রিকানদের আগ্রহ মেক্সিকোর সঙ্গে বাফানা বাফানাদের ম্যাচ নিয়ে তো আছেই, উদ্বোধনী অনুষ্ঠানের আলো ঝলমলে আবাহনটাও একটা আকর্ষণ।কাল সংবাদ সম্মেলন হয়ে গেল কিক-অফ কনসার্ট নিয়ে। সাকিরা গান গাইবেন। উদ্দাম বিটের তালে নেচে উঠবে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আরও অনেক কিছু থাকবে। এখানে বলা হচ্ছে, সারা জীবনের জন্য স্মরণীয় করে রাখার উপলক্ষ, ‘ওয়ানস ইন এ লাইফ টাইম।’অবিশ্বাস করার কিছু নেই। দক্ষিণ আফ্রিকা মানেই তো আয়োজনের দেশ। এরা যেকোনো অনুষ্ঠানের জন্য নাচগান নিয়ে তৈরি থাকে। আইপিএল আয়োজন নিয়ে ভারত সরকারের সঙ্গে সামান্য মন-কষাকষি হলো লোলিত মোদি টুর্নামেন্টটি নিয়ে চলে এলেন দক্ষিণ আফ্রিকায়। এবং তা নিয়েও হুমড়ি খেয়ে পড়া ভিড়। টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ ভারতে হতে পারছে না, কয়েক দিনের নোটিশেই সেটির ভেন্যু বানিয়ে দেওয়া হলো দক্ষিণ আফ্রিকাকে। বলিউডের ছবির শুটিং সুইজারল্যান্ডে করতে গেলে অনেক খরচ পড়ে যায়, বেছে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান, সান সিটি।কিন্তু মাঝেমধ্যেই সংশয় জাগে, যে দেশে এত বেশি নিরাপত্তাহীনতা আর যোগাযোগ-সমস্যা, সেখানে কেন এসব হবে? কথায় কথায় আবারও চলে এল, সেই নিরাপত্তার কথা। পরশু তিনজন পর্তুগিজ সাংবাদিকের ছিনতাইকারীর কবলে পড়ার ঘটনাটা আলোচিত বিষয় হয়ে দাঁড়াল মিডিয়া সেন্টারে।কিন্তু একজন সাংবাদিক এগুলোকে নেতিবাচক প্রচারণা বলে মত দিলেন। তাঁর যুক্তি, এসব এ দেশের বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবসা বাড়ানোর ফন্দি। ‘তুমি দেখেছ, এখানে পত্রিকার প্রথম পাতায় এসব ছিনতাইয়ের খবর, আর ভেতরের পাতায় সিকিউরিটি কোম্পানির বিজ্ঞাপন। মানে কী?’—বলল স্মাতানা লুবোমির, চেক প্রজাতন্ত্রের সাংবাদিক।লুবোমির একটা সাইকেল প্লেনে চাপিয়ে চলে এসেছেন এ দেশে। সাইকেল চড়ে পেছনে ল্যাপটপের ব্যাগ নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। যেন ট্যুর ডি ফ্রান্সের প্রস্তুতিটা এখানেই সেরে নিতে চান। লুবোমিরের কাজও পড়েছে কেবল নিরাপত্তা নিয়ে রিপোর্ট করা!চেকরা এবার বিশ্বকাপে নেই—এটা নিয়ে তাঁর তেমন ভাবান্তর লক্ষ করা গেল না। বললেন, ‘হ্যাঁ, নিজের দেশ বিশ্বকাপে থাকলে ভালো লাগত। কিন্তু নেই, কী আর করা। বাছাইপর্ব পেরোতে পারল না।’ তাঁর চিন্তা বাংলাদেশ কবে বিশ্বকাপে খেলবে এ-ই নিয়ে।বাংলাদেশ সম্পর্কে তাঁর জ্ঞানের পরিধিটা অনেক বড়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও তাঁর জানা। বাংলাদেশের মানুষ বলে বিশেষ শ্রদ্ধাও জানালেন তিনি আরও একটা কারণে, ‘বাংলাদেশের জন্যই তো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পাওয়া।’লুবোমিরের অজ্ঞতা কেবল দেশটির ফুটবল নিয়ে। বললেন, ‘বাংলাদেশ নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বিশ্বকাপে খেলবে।’ আমি তাঁকে ধাঁধার মতো প্রশ্ন করি, ‘বলো কত বছর পর?’ ‘১০ বছর।’ ‘হ্যাঁ, এর সঙ্গে এক শ যোগ করে নাও’—এ কথা শোনার পর তাঁর সে কী হাসি!বাংলাদেশের আকাশে-বাতাসে বিশ্বকাপের গন্ধ, বাড়িতে-বাড়িতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনের পতাকা ওড়ে—এটি জেনে লুবোমির আরও বিস্মিত। না, বাংলাদেশে তাঁকে একবার যেতেই হবে—এমন পণ শোনা গেল চেক সাংবাদিকের মুখে।আর্জেন্টিনার অনুশীলনে যাবেন বলে বিরাট আগ্রহ ছিল বেচারার। কিন্তু সাইকেল নিয়ে পড়লেন মহা ঝামেলায়। সাইকেলটা কোথায় রাখা যায়—এই চিন্তা করতে করতেই হোটেলের পথ ধরলেন। পরে অবশ্য মোবাইল ফোনে খবর-টবর নিলেন। কী করলেন ম্যারাডোনা, মেসি-মাচেরানোদের দেখে কেমন মনে হলো ইত্যাদি ইত্যাদি। শ-পাঁচেক সাংবাদিক হাজির হয়েছেন শুনে বলে উঠলেন, ‘ওয়াও, ম্যারাডোনার দল এসেছে আর এত সাংবাদিক হবে না, তা-ই কী হয়!’তা প্র্যাকটিস দেখতে আসার সাংবাদিক সংখ্যা দিয়ে যদি বিচার করা যায়, আর্জেন্টিনা এরই মধ্যে ‘চ্যাম্পিয়ন’। ব্রাজিলের এক সাংবাদিকের নাম রদ্রিগেজ, কাজ করেন আর্জেন্টিনায়। বললেন, ‘সেদিন ব্রাজিলের সংবাদ সম্মেলনে কিন্তু এত সাংবাদিক দেখিনি।’ কলকাতার আনন্দবাজার পত্রিকার রূপায়ণ ভট্টাচার্য তাঁকে সমর্থন করলেন জোরালোভাবে, ‘এর চেয়ে কমপক্ষে এক শ সাংবাদিক কম দেখেছি সেদিন।’মনে মনে বলি, সাংবাদিকের সংখ্যা আর মিডিয়ার আগ্রহ দিয়েই যদি কাজ হতো, তা হলে তো ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতো আগেই। এ বাবদ বাংলাদেশও একটা লড়াই চালাত। ফিফা বাংলাদেশকে কোটামুক্ত অ্যাক্রিডিটেশন বরাদ্দ করেই দেখুক না!