আফ্রিকা সুন্দরীর ফুটবল-অনুরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সেরা তৃতীয় সুন্দরী কারাজার না ওকাইলি শুটার ফুটবল ভীষণ ভালোবাসেন
বিশ্বের সেরা তৃতীয় সুন্দরী কারাজার না ওকাইলি শুটার ফুটবল ভীষণ ভালোবাসেন

গ্ল্যামার দুনিয়ার সুন্দরীরা খেলাধুলার খবর একেবারেই রাখেন না—কথাটা কিন্তু পুরো সত্য নয়। আইপিএলের সৌজন্যে বলিউড সুন্দরীদের সঙ্গে ক্রিকেটের মেলবন্ধন দেখা গেছে। তবে তারও আগে ফুটবলের বিশ্বমঞ্চে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ক্লদিয়া শিফার, শাকিরার পদধূলিতে ধন্য হয়েছে। মিস আফ্রিকা ২০১৩ কারাজার না ওকাইলি শুটারও দেখা যাচ্ছে ফুটবলের হালফিল খবর বেশ রাখেন।

ঘানার মেয়ে শুটার এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় উড়িয়েছেন আফ্রিকার পতাকা। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপও হয়েছেন। তবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে আফ্রিকার দেশগুলো যখন মুখোমুখি, তখন এই কৃষ্ণকলি আর আফ্রিকার হয়ে থাকতে পারলেন না। নাড়ির টানের চেয়ে বড় আর কী হতে পারে! তিনি হয়ে গেলেন ঘানার পাঁড় সমর্থক। তাঁর দৃঢ় বিশ্বাস, ২০১০ বিশ্বকাপে চমক দেখানো দল ঘানা আবারও বিশ্ব মাতাবে।

২৩ বছর বয়সী শুটার বলেছেন, ‘আমি একটা দলকেই সমর্থন করি। সেটা অবশ্যই ব্ল্যাক স্টারস। ঘানার আর সব মানুষের মতো আমিও তাদের খেলা খুব উপভোগ করি। তাদের খেলাটা সত্যিই বিশেষ এক অনুভূতি এনে দেয়, বিশেষ করে সেই সময় মুহূর্তগুলোতে, যখন তারা পুরো দেশকে এক করে দেয়।’

তাঁর নাম শুটার। ফুটবলের একটি টার্ম! তবে শুটার জানালেন, ‘আমি ফুটবল মোটেও খেলি না। ভদ্রস্থ একটা কিকও ঠিকমতো নিতে পারব কিনা সন্দেহ। এটা ঠিক আমার জিনিস নয়। তবে আমি ঘানা লিগের বড় ম্যাচগুলো ঠিকই দেখি। এই খেলাটি সাধারণ মানুষের মনে যে রোমাঞ্চ এনে দেয়, সেটা সত্যিই দুর্দান্ত।’

শিশুরোগ বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য পড়াশোনা করছেন শুটার। ঘানার ফুটবল কিংবদন্তি আবেদি পেলের ভক্ত শুটারের ইচ্ছা আছে এই অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষের জন্য কাজ করার।

পরশুর ঘানা-মিসর ম্যাচটি নিয়ে শুটারের ভবিষ্যদ্বাণী ছিল, ২-০ গোলে জিতবে তাঁর দল। তবে শুটারকে চমকে দিয়ে ৬-১ গোলে ম্যাচটি জিতে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে ঘানা। ফিরতি লেগ ১৯ নভেম্বর।