আফ্রিকাজুড়ে কেবলই কান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য কেমন হতে পারে, কাল ঘানার ফুটবলারেরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তা। ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হতে হলো তাদের। নির্ধারিত সময়ে ১-১। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আক্রমণের চাপে উরুগুয়েকে একেবারে কোণঠাসা করে ফেলার পর পেনাল্টি পেয়েও গোল করতে না পারা। টাইব্রেকারে গিয়ে পেনাল্টি মিস। এতটা বিয়োগান্তক নাটক কী এর আগে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া কোনো দলকে দেখতে হয়েছে। হাতের মুঠোয় আসা সাফল্য পায়ে ঠেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঘানা। এমন দুর্ভাগ্যের পর আফ্রিকাজুড়ে কেবলই কান্না আর হাহাকার। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে ঘানাকে নিয়েই যে আশায় বুক বেঁধেছিল গোটা আফ্রিকা।১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ বিশ্বকাপে সেনেগাল- এতদিন বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্য বলতে ছিল এই দুটি দেশের কোয়ার্টার ফাইনালে খেলা। তবে এবার যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে তাদের পাশে নাম লিখিয়েছিল ঘানা। উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে আফ্রিকার সর্বোচ্চ আসনে উঠে যেত তারা। তবে আসামোয়ার পেনাল্টি মিসই যেন সব স্বপ্ন ধোঁয়াশায় মুছে দিল ঘানার। না হলে যে টাইব্রেকার পর্যন্ত গড়াতোই না ম্যাচটি!আসামোয়ার পেনাল্টি মিসের পর নায়ক উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। অবিশ্বাস্যরকমভাবে ঘানার তৃতীয় ও চতুর্থ শট ঠেকিয়ে দেন তিনি। এ হারকে অপ্রত্যাশিত উল্লেখ করে ঘানার কোচ মিলোভান রাজেভাচ বলছেন, ‘এমন হার আশা করিনি আমরা। আসলে এটাই ফুটবল।’রাজেভাচ না হয় ভাগ্যের ওপর সব ছেড়ে দিচ্ছেন, কিন্তু আফ্রিকানদের মনের অবস্থাটা একটু কল্পনা করুন। একে একে সবকয়টি দলকে হারানোর পর ঘানাকে নিয়েই যত স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্নভঙ্গের বেদনা যে কতটা কঠিন, তা একজন আফ্রিকানই কেবল বুঝতে পারবেন। স্টেডিয়ামে উপস্থিত ৮০ হাজার সমর্থকের বেশির ভাগই গতকাল ছিলেন ঘানার সমর্থক। আফ্রিকার একমাত্র আশার আলোকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সমর্থকেরা। সেই কান্না ততক্ষণে ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকাজুড়ে। আফসোস একটাই, এমনটা তো না-ও হতে পারত!