আফ্রিকান ফুটবলারদের জন্য কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মৌসুমেই ঝাঁকে ঝাঁকে আফ্রিকান ফুটবলার আসেন বাংলাদেশে। বেশির ভাই নিম্নমানের। তাঁদের এনে দেশের ফুটবলের কোনো উন্নতি হয় না। কিন্তু খেলোয়াড়-সংকেটের কথা বলে ক্লাবগুলো এই বড় শরীরের আফ্রিকানদের ওপরই নির্ভরশীল থাকে। বাংলাদেশে আসার পর এই খেলোয়াড়েরা নানা সমস্যাও তৈরি করে। এসব বিষয় মাথায় রেখেই কি না এবার আফ্রিকানদের ঢাকার আসার নিয়ম কঠোর করেছে সরকার।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গত সাত দিনে ফেরত পাঠানো হয়েছে ১২ জন আফ্রিকান খেলোয়াড়কে। এর মধ্যে বড় ভুক্তভোগী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির ব্যবস্থাপক আনোয়ারুল করিম কাল জানালেন, ‘গতবার রহমতগঞ্জে খেলা গিনির ফুটবলার কন্টি এবার আমাদের হয়ে খেলতে ঢাকায় এসেছিলেন। কিন্তু বিমানবন্দরে নামার পরই তাঁকে ফেরত পাঠানো হয়েছে। সরকারের বক্তব্য, আফ্রিকান খেলোয়াড় এখন বাংলাদেশে ঢুকতে পারবে না। এরপর আমাদের তিন নাইজেরিয়ান খেলোয়াড়কেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।’শেখ জামালের এই কর্মকর্তার ভাষ্য, ‘জাম্বিয়া থেকে তিনজন খেলোয়াড় আনার জন্য আমরা এসবি অফিসে ছাড়পত্রের জন্য গেলে সেটা দেওয়া হয়নি। বিদেশি খেলোয়াড় আনার প্রক্রিয়া নিয়ে দু-তিন দিনের মধ্যে ক্লাবগুলোকে চিঠি দেবে সরকার।’মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন জানিয়েছেন, ‘ডেমিয়েন নামে গতবার মোহামেডানেই খেলে যাওয়া নাইজেরিয়ান খেলোয়াড়কে কাল (পরশু) ঢাকা বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন। আফ্রিকানদের এন্ট্রি ভিসায় এবার কড়াকড়ি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা গেছে, সরকারি নির্দেশেই এদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গতবার যারা খেলে গেছে তারা হয়তো ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় পেতে পারে। অনেকের নামে নাকি অভিযোগ আছে, সেজন্য আফ্রিকানদের ঢাকায় প্রবেশে এই কড়াকাড়ি।’তবে গত সোমবার শেখ রাসেলের আনা চার বিদেশির দুজন মরোক্কান। এই খেলোয়াড়েরা কৃষ্ণাঙ্গ না হলেও মরক্কো উত্তর আফ্রিকার দেশ। অন্যদের মধ্যে একজন উত্তর আমেরিকার দেশ হাইতির, তাই তিনি কৃষাঙ্গ হলেও আফ্রিকান পাসপোর্ট না হওয়ায় সম্ভবত ছাড় পেয়েছেন। আরেকজন আর্জেন্টাইন। এই কড়াকড়ি আরোপের আগে শেখ জামালে চলে এসেছেন ছয়-সাতজন আফ্রিকান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাঁরা ভাগ্যবান। বিমানবন্দরে যোগাযোগ করে জানা গেছে, অন্তত ছয় মাসের খেলোয়াড় ভিসা ছাড়া কোনো আফ্রিকানকে ঢুকতে দেওয়া হবে না এবার। বাংলাদেশ পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানাচ্ছেন, ‘সরকার বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে ফুটবল ফেডারেশনকে একটা নির্দেশনা দিয়েছে। সরকার বলছে, ভ্রমণভিসায় এসে খেলা যাবে না। খেলোয়াড়কে খেলোয়াড় ভিসা নিয়েই আসতে হবে। ফুটবল ফেডারেশন সুপারিশ করলে সরকার ওই খেলোয়াড়দের ছাড়পত্র দেবে। প্রচলিত আইন অনুযায়ীই চলবে সবকিছু।’