বরাবরের মতো এবারও ঘরোয়া ফুটবলে আফ্রিকানদের ছড়াছড়ি। পেশাদার লিগের দশটি দল মোট ৫৮ জন বিদেশির নাম নিবন্ধন করেছে। আফ্রিকারই ৫০ জনের মতো। সবচেয়ে বেশি নাইজেরিয়ান—২৯ জন।
ঘানা, ক্যামেরুন, বেনিন, গিনির আছেন কয়েকজন। মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স নিয়েছে একজন করে মিসরের খেলোয়াড়। ক্যারিবিয়ান দেশ হাইতির একজন খেলোয়াড় (সনি নর্দে) খেলেছেন গতবার। এবার জমা পড়েছে তিনজন হাইতির খেলোয়াড়ের নাম। সনির সঙ্গে শেখ জামালে একজন। হাইতির জাতীয় দলের একজন খেলোয়াড়কে নিবন্ধন করেছে শেখ রাসেল। ২৪ নভেম্বর তাঁর আসার কথা। ক্যারিবিয়ান দ্বীপ জ্যামাইকার একজন খেলোয়াড় নিয়ে চমক দেখিয়েছে গতবারের ট্রেবলজয়ীরা, এনেছে একজন উরুগুইয়ান ফুটবলারও। আন্দ্রেস ওসকার নামের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে অনুশীলনে দেখে ‘ভালো ফুটবলার’ বলেই স্বীকৃতি দিলেন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব।
আবাহনী নিয়েছে দুজন ব্রাজিলিয়ান। আকাশি-নীলেরা সর্বোচ্চ আটজন বিদেশি নিবন্ধন করেছে। শেখ জামাল, মুক্তিযোদ্ধা সাতজন করে, ছয়জন নিয়েছে শেখ রাসেল। পাঁঁচজন করে মোহামেডান, বিজেএমসি, ব্রাদার্স, ফেনী সকার, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা।
সব মিলিয়ে নতুন মৌসুমেও বিদেশিদের দাপটই থাকছে ঘরোয়া ফুটবলে। বিদেশি সংগ্রহের ওপরই নির্ভর করছে সাফল্য। সেদিক থেকে শেখ জামালই বিদেশি সংগ্রহে এবার এগিয়ে। সনি নর্দে একাই জেতাতে পারেন ম্যাচ। সেই সঙ্গে তাঁর স্বদেশি দুজন, জ্যামাইকা ও উরুগুয়ের একজন করে এবং মিসর ও ব্রাজিলের ফুটবলাররা চোখ কাড়বেন বলেই বিশ্বাস ক্লাব কর্মকর্তাদের।