আফ্রিকার আশা নিয়ে নামছে ঘানা
রিচার্ড কিংসন তো জয় এনে দিয়েছেন, ঘানার ভরসা এবার জন পান্টসিল। সার্বিয়াকে হারানো ম্যাচের দিন জন্মদিন ছিল গোলকিপার কিংসনের। সতীর্থদের বিশ্বাস, তাঁদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল ওই জন্মদিন। মঙ্গলবার ছিল ডিফেন্ডার পান্টসিলের জন্মদিন। দিনটা সবাই মিলে পালন করেছেন, আশা এই জন্মদিন নিয়ে আসবে আরেকটি জয়।সত্যিই যদি আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ঘানা, অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টানা দ্বিতীয় বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলা। গত বিশ্বকাপে একমাত্র আফ্রিকান দেশ হিসেবে শেষ ষোলোয় উঠেছিল আবেদি পেলের উত্তরসূরিরা। এবারও বাকিদের যে অবস্থা, আফ্রিকার মশাল বয়ে নিয়ে যেতে হবে তাদেরই। তবে কাজটি খুব একটা সহজ হবে না। আগের ম্যাচে জার্মানির বিপক্ষে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু লড়াকু দল হিসেবে বরাবরই খ্যাতি তাদের। আগের ম্যাচে হারায় সকারুরা আজ জানপ্রাণ দিয়ে লড়বে, ঘানা কোচ মিলোভান রাজেভাচের ধারণা এমনটাই, ‘অস্ট্রেলিয়ার শেষ সুযোগ এটাই। ওরা খুব লড়াকু জাতি, আমি নিশ্চিত ওরা লড়াই করবে।’অস্ট্রেলিয়ার তারকা ফরোয়ার্ড হ্যারি কেওয়েলের কথাতেও পাওয়া গেছে লড়াইয়ের ইঙ্গিত, ‘জার্মানি ম্যাচ নিয়ে আমরা সবাই হতাশ। ওই হার আমাদের পৌরুষে ঘা দিয়েছে। এখনো দুটি খেলা বাকি আছে। আশা করি, আজ থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানো।’ ইনজুরিতে গত ম্যাচ না খেলা হলেও আজ মাঠে নামতে পারেন কেওয়েল। জার্মানি ম্যাচে বিশাল হার ছাড়াও আরেকটা সর্বনাশ হয়েছে অস্ট্রেলিয়ার, লাল কার্ড পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় টিম কাহিল। আজ তাই খেলা হবে না তাঁর। মাঠে নামতে পারেন গত ম্যাচে না খেলা অভিজ্ঞ মিডফিল্ডার মার্ক ব্রেশ্চিয়ানো ও ফরোয়ার্ড জশুয়া কেনেডি। রয়টার্স।ঘানা-অস্ট্রেলিয়াঅ্যান্থনি আনাননাম দেখে যদি কিছু অনুমান করে থাকেন, ভুল করেননি। অ্যান্থনি আনান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের ভাইপো। তবে নিজ দেশে সবাই তাঁকে চেনে ‘ঘানার আইমার’ হিসেবে, খেলার ধরনটা আর্জেন্টিনার পাবলো আইমারের মতো বলে। প্রথম ম্যাচে দারুণ খেলেছিলেন, আজও থাকবেন ঘানার ডিফেন্স ও মিডফিল্ডকে একসূত্রে গাঁথার দায়িত্বে।হ্যারি কেওয়েল১৭ বছর বয়সে অভিষেক অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে, ক্রমেই হয়ে উঠেছেন দেশসেরা ফুটবলার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর গোলেই দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল অস্ট্রেলিয়া। ইনজুরিতে গত ম্যাচ খেলতে পারেননি। ইনজুরি এখনো পুরোপুরি সারেনি, জার্মানির বিপক্ষে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার মনোবল ফেরাতে আজ নেমে পড়তে পারেন মাঠে।