আফ্রিকার উপহার ‘নতুন চ্যাম্পিয়ন’
শুরু হয়েছিল একটা ‘প্রথম’ দিয়ে। শেষেও থাকছে আরেকটা ‘প্রথম’। আফ্রিকায় ফুটবলের বিশ্বকাপ এই প্রথম। রোববার রাতে যে দলেরই হাতে উঠুক ওই সোনালি ট্রফি, তাদের জন্য এটি হবে প্রথম—প্রথম বিশ্বকাপ। আফ্রিকা আর অন্ধকার শব্দ দুটি প্রায় সমার্থক ছিল একসময়। ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ আলোয় ভরেছে অনেক আগেই। যুগে যুগে উপহার দিয়েছে অনেক চমক। এবার বিশ্বকাপকে দিচ্ছে সবচেয়ে বড় উপহার—নতুন চ্যাম্পিয়ন!নতুন চ্যাম্পিয়ন কথাটাই কেমন শিহরণ জাগানিয়া! বিশ্বকাপ ফুটবলে তো আরও বেশি। এটির যে বড় নাক উঁচু, এর আগের ১৮টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে বরণ করেছে মাত্র সাতটি দেশকে। ১৯তম বিশ্বকাপে এসে ‘আট’ হচ্ছে সংখ্যাটা। কে সেই আট নম্বর—স্পেন না হল্যান্ড?আফ্রিকা বললেই ইতিহাসের দায় শোধ করার একটা ব্যাপার চলে আসে। তথাকথিত সভ্য মানুষের অত্যাচার-নিপীড়ন-শোষণের কলঙ্কজনক ইতিহাস এখনো গুমরে কাঁদে আফ্রিকার বাতাসে। মনে করিয়ে দেয়, ‘...শুধিতে হইবে ঋণ।’ ওসব মনে রেখেই কি বিশ্বকাপ তার ঋণ শোধ করার জন্য আফ্রিকাকেই বেছে নিল?স্পেনই জিতুক বা হল্যান্ড—তাতে তো ঋণ শোধ করাই হবে। এই দুটি দেশই ফুটবলকে অনেক দিয়েছে, কিন্তু বিনিময়ে বিশ্বকাপ দিয়েছে শুধু যন্ত্রণাই। ‘টোটাল ফুটবল’-এর বিপ্লবে সত্তর দশককে মোহাবিষ্ট করে রেখেছিল হল্যান্ড। ‘পুরস্কার’ হিসেবে পেয়েছে পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে পরাজয়! দুটি ফাইনাল খেলেও বিশ্বকাপ জিততে না পারার দুঃখ আছে আর একটি দলেরই—তবে তা পরপর দুটি টুর্নামেন্টে নয় বলে হাঙ্গেরির দুঃখটা বোধ হয় একটু কমই (১৯৩৮ ও ১৯৫৪)।১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে হল্যান্ডের পরাজয়ে মিশে ছিল বিস্ময়। স্পেন যে এবারের আগে বিশ্বকাপ ফাইনালেই উঠতে পারেনি, এতে বিস্ময় আরও বেশি। ফুটবলের আদিভূমিগুলোর একটি, ফুটবল নিয়ে স্পেনের উন্মাদনার তুলনা হতে পারে শুধু ইংল্যান্ড আর ইতালির সঙ্গে। অথচ ক্লাবকূলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো দৈত্যের জন্ম দিয়েও স্পেন যেন বিশ্বকাপের ‘দুঃখিনী দুয়োরানি।’ জাভি-ইনিয়েস্তা-ভিয়ার প্রজন্ম কি মুছিয়ে দিতে পারবে স্প্যানিশ ফুটবলের চোখের জল?ফাইনালে উঠেই তো ইতিহাস হয়ে গেছে এই স্পেন। বিশ্বকাপ জিতলে হবে আরেক ইতিহাস। এর আগে কখনো বিশ্বকাপের সেমিফাইনালেই ওঠা হয়নি, এবার তাই ইতিহাস ঘুরছে স্প্যানিশ ফুটবলারদের পায়ে পায়ে। সেমিফাইনালে উঠেই ইতিহাস, ফাইনালে উঠেও; সেটিতে জিতলে যোগ হবে প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ হাতে নেওয়ার নতুন এক অধ্যায়।প্রথম ম্যাচেই হেরে ফাইনালে ওঠার কীর্তি আরও দুবার দেখেছে বিশ্বকাপ। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হেরেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ১৯৯৪-এ আয়ারল্যান্ডের কাছে হেরেও ইতালি। কিন্তু দু দলেরই শেষটা মিলে গেছে শুরুর সঙ্গে।শুধু ফুটবলের ঋণ শোধ করতে নয়, এবার স্পেনের ফাইনালে ওঠাটা খুব জরুরি ছিল আরেকটা কারণে। যেকোনো মূল্যে সাফল্যপিয়াসী যুগের দাবি যখন যেনতেন প্রকারে জয়টাকেই মোক্ষ করে তুলেছে, স্পেন তাতে গা না ভাসিয়ে ‘সুন্দর ফুটবল’টাকে রাখছে মাথায় করে। প্রথম ম্যাচেই হেরে যাওয়ার পরও পরিষ্কার জানিয়ে দিয়েছে, ‘আমরা আমাদের খেলাই খেলব।’ তা খেলেই স্পেন ফাইনালে। তা খেলেই সর্বশেষ ৫৩ ম্যাচের মাত্র দুটিতে হার।তা খেলেই সবাইকে মনে করিয়ে দেওয়া—ভৌগোলিক, সামাজিক, নৃতাত্ত্বিক এমন অনেক কারণ মিলিয়ে যুগ যুগ ধরে গড়ে ওঠা একটা দেশের ফুটবল ঘরানার মূল ধরে টান দিতে নেই। এটি করেই ফ্রান্স ডুবেছে; ইংল্যান্ড যা খেলতে পারত, সেটিও ভুলে গেছে, কান্নায় শেষ হয়েছে দুঙ্গার ব্রাজিলকে ‘ইউরোপিয়ান’ বানানোর চেষ্টা। নিজেদের ফুটবল খেলতে গিয়ে আর্জেন্টিনার ব্যর্থতাকে পাল্টা যুক্তি হিসেবে দাঁড় করানো ঠিক হবে না। আর্জেন্টিনা ডুবেছে শুধুই লাতিন-শৈলীর ওপর ভর করে রক্ষণাত্মক শৃঙ্খলার কথা ভুলে যাওয়ায়। সেই দায় ম্যারাডোনার ট্যাকটিকসের অথবা সেটির অভাবের, আর্জেন্টাইন ফুটবলের নয়।জার্মানির বিপক্ষে স্পেনের সেমিফাইনালটির আগেও তো কত রকম কথা। জার্মানরা কেমন শক্তসমর্থ, কেমন বাঁই বাঁই করে দৌড়ায়...ওদের সামনে স্পেনের ওই পিচ্চি পিচ্চি খেলোয়াড়েরা পাত্তাই পাবে না। এই বিশ্বকাপে জার্মানি যা খেলেছে, সেটিই ওদের খেলা—শারীরিক সক্ষমতা, সদা চলমানতা, আর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে থাকা চিরন্তন উত্তর ইউরোপীয় ফুটবল। স্প্যানিশ খেলোয়াড়দের পায়ে পায়ে ফোটা স্কিলের ফুল যেমন লাতিন ইউরোপের বলদক্ষতা আর সৃষ্টিশীলতার চিরন্তন প্রকাশ। সেটির জয় শুধুই স্পেনের জয় নয়; প্রায় মিথে পরিণত হতে বসা ‘সুন্দর ফুটবল’-এরও জয়। বলদক্ষতার সঙ্গে উদ্ভাবনী মনের যোগ যে ট্যাকটিকস আর তত্ত্বজর্জর আধুনিক ফুটবলেও যথেষ্টই কার্যকর—সেই ঘোষণাও।জার্মানি-স্পেনের মতো ফাইনালটাও হতে যাচ্ছে উত্তর আর দক্ষিণ ইউরোপের লড়াই। হল্যান্ডের ফুটবলও কম-বেশি উত্তর ইউরোপীয় ঘরানারই ফুটবল। তবে জার্মানির সঙ্গে ব্যতিক্রম হয়ে সব সময়ই তাতে মিশে থেকেছে সৃষ্টিশীলতা। বরাবরই আলাদা হয়ে থেকেছে আরেকটা জায়গায়ও। এই একটা দল, যারা কখনোই শুধু ফলের কথা ভেবে আক্রমণাত্মক ফুটবলের দর্শন থেকে সরে আসেনি। এই বিশ্বকাপ অবশ্য কথাটা আগের মতো চিৎকার করে বলতে দিচ্ছে না। এবার কমলারা আক্রমণের মতো রক্ষণেও সমান মনোযোগী। হয়তো অতীত থেকে শিক্ষা নিয়েই। তার পরও রোবেন-স্নাইডার-কিউট-ফন পার্সিরা যখন আক্রমণে ওঠেন, হূদয়ে একটা দোলা কিন্তু ঠিকই লাগে।একদিকে স্পেন, অন্যদিকে হল্যান্ড—রোববারের ফাইনালটাও হূদয়ে দোলা না লাগিয়ে যায়ই না।