আফ্রিকার কষ্ট, আফ্রিকার গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপ ভার্দের সান্তা মারিয়া দ্বীপে পশ্চিম আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের একটা সভা চলছিল। আইভরিকোস্ট, মালি, সেনেগাল, নাইজেরিয়া, ঘানা; বিভিন্ন দেশের প্রধানেরা খুব গুরুগম্ভীর আলোচনাতে ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ আলোচনা বন্ধ করে সবাই মিলে টেলিভিশন দেখতে বসে গেলেন। কারণ, তাঁদের সবার খেলা চলছিল বিশ্বকাপে! হ্যাঁ, ঘানার কোয়ার্টার ফাইনালের ম্যাচটাকে পুরো আফ্রিকাই তাদের খেলা বলে মনে করছিল। খোদ নেলসন ম্যান্ডেলা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আফ্রিকা আছে ঘানার পেছনে। কিন্তু শেষ পর্যন্ত পুরো আফ্রিকার মতো ঘানার রাষ্ট্রপ্রধানকেও ওই সম্মেলন বিরতিতে বসে দেখতে হলো দলের পরাজয়।এই পরাজয়ে আফ্রিকাজুড়ে দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু আফসোস নেই, আছে গর্ব। এই গর্বের কথাই বলছিলেন ঘানার এক ট্যাক্সিচালক কেউসি আপিয়াহ, ‘এর পরও আমি আমার দলের পারফরম্যান্সে গর্বিত। আমরা আফ্রিকান বাকি দলগুলোর চেয়ে তো অন্তত ভালো করেছি।’ঘানার রাস্তায় হাতে পতাকা নিয়ে টেলিভিশনের সামনে ছিলেন হাজার হাজার মানুষ। সুলে মুনতারি ঘানাকে এগিয়ে দেওয়ার পর আক্রা শহরের রাস্তা থেকে ভেসে আসছিল ট্যাক্সির হর্নের শব্দ, ভেসে আসছিল স্লোগানের আওয়াজ।ঘানার জন্য একই রকম সমর্থনের ঢল নেমেছিল দক্ষিণ আফ্রিকাতেও। এক হাতে দক্ষিণ আফ্রিকার, আরেক হাতে ঘানার পতাকা নিয়ে খেলা দেখতে এসেছিলেন তাকালানি নিলুহেনি। নিজের দেশের পর পেনাল্টি শ্যুটআউটে ঘানারও এই বিদায়ে রীতিমতো হতাশ এই তরুণী।নিলুহেনির সবচেয়ে বড় কষ্ট হলো, তিনি সমর্থন করতে পারেন এমন কোনো দেশ অবশিষ্ট রইল না, ‘আমি খুবই হতাশ। আফ্রিকার শেষ দলটাও হেরে গেল। ভেবেছিলাম, ঘানা আফ্রিকার হয়ে আরও এগিয়ে যাবে। কিন্তু সে স্বপ্ন শেষ। এখন আমি কাকে সমর্থন করব, জানি না।’ঘানাইয়ানরা অবশ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিজের দেশের জন্যই গলা ফাটাতে পেরেছে। এ নিয়ে গর্বও আছে তাদের। পেশায় হিসাবরক্ষক ঘানার তরুণ মাইকেল আসেইদু বলছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা আসলে দুর্ভাগা ছিলাম। কিন্তু এত দূর আসার জন্য আমাদের দলকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত। আমরা হতাশ। কিন্তু খুব হতাশ নই। কারণ ব্রাজিল, পর্তুগাল ও ইতালির মতো বড় বড় দলও টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে।’এটা নিছকই সান্ত্বনা। ঘানার বিদায়ের ধরন যে সবচেয়ে ট্র্যাজিক। এমনই যে এক উরুগুইয়ান সমর্থক পর্যন্ত কষ্ট পাচ্ছেন ঘানার জন্য! উরুগুয়ে থেকে খেলা দেখতে আসা মিঙ্গো ডেনিস আনন্দ করতে করতেই বললেন, ‘একটু খারাপ লাগছে। প্রথমে আমরা দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিলাম। এরপর ঘানাকে। এটা দুর্ভাগ্যজনক।’এই ‘দুর্ভাগ্য’ই তো উরুগুয়ের সৌভাগ্য এনে দিয়েছে! এএফপি।