আফ্রিকার গর্ব ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার চোখে-মুখে উচ্ছ্বাস। পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করছেন ফুটবলাররা। মুহূর্তে পাওয়া আনন্দ যেন শেষই হতে চাচ্ছে না। রাস্তাজুড়ে সমর্থকদের ঢল। ম্যাচ শেষে এমন দৃশ্য দেখলে বুঝে নিতে হয়, শিরোপা জয়ের পর উল্লাসে মেতেছেন ফুটবলার ও সমর্থকেরা। তবে ঘানার এ উদযাপন শিরোপা জয়ের উদযাপন নয়। তাদের কাছে এ সাফল্য শিরোপা জয়ের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এভাবে আনন্দে মেতেছে ঘানা। শুধু ঘানা বললেও অবশ্য ভুল হবে, এ সাফল্যে আনন্দে মেতেছে গোটা আফ্রিকা। ঘানাই যে একমাত্র আফ্রিকার পতাকা উড়িয়ে যাচ্ছে!বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একে একে বিদায় নিয়েছে আফ্রিকার ‘পাওয়ার হাউস’খ্যাত ক্যামেরুন, নাইজেরিয়া, আলজেরিয়া ও দিদিয়ের দ্রগবার আইভরিকোস্ট। একমাত্র প্রতিনিধি হিসেবে ঘানাই এখনো আফ্রিকার পতাকা ওড়িয়ে যাচ্ছে।ঘানার সামনে ইতিহাস গড়ার হাতছানি। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ বিশ্বকাপে সেনেগাল- এতদিন বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্য বলতে ছিল এই দুটি দেশের কোয়ার্টার ফাইনালে খেলা। কাল যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে তাদের পাশে নাম লেখালো ঘানা। গত বিশ্বকাপে প্রথম খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা। সেই সাফল্য ছাড়িয়ে এবার ঘানা জায়গা করে নিয়েছে শেষ আটে। উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে আফ্রিকার সর্বোচ্চ আসনে উঠে যাবে ঘানা!যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের নায়ক আসামোয়া গায়ান এ জয়কে শুধু ঘানার নয়, গোটা আফ্রিকার গর্ব বলে মনে করছেন। অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রকে হতাশায় ডুবানো আসামোয়া রয়টার্সকে বলছেন, ‘ঘানার এই সাফল্য গোটা আফ্রিকার গর্ব। আমরা আফ্রিকার এই সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’