আফ্রিকার পতাকা ওড়াচ্ছে ঘানা
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদায় নিয়েছে আফ্রিকার ‘পাওয়ার হাউস’খ্যাত ক্যামেরুন ও নাইজেরিয়া। গতকাল বুধবার রাতে বিদায় নিয়েছে আলজেরিয়াও। এদিকে আইভরি কোস্টের বিদায় কেবল সময়ের ব্যাপার। এর পরও আফ্রিকার পতাকা ওড়ানোর মতো কেউ থাকছে না ভাবলে কিন্তু ভুল হবে। আলজেরিয়ার বিদায়ের রাতে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ঘানা। একমাত্র প্রতিনিধি হিসেবে তারাই ওড়াচ্ছে স্বাগতিক আফ্রিকার পতাকা!প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছে আফ্রিকা। ক্ষুধা-দারিদ্র্য আর সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে বড় হওয়া মানুষগুলোর চোখে তাই অন্য রকম স্বপ্ন। কিন্তু একে একে আফ্রিকার দেশগুলোর বিদায়ে হতাশায় ডুবেছে ফুটবলপ্রেমীরা। আফ্রিকার পতাকা ওড়ানোর জন্য কেউ যে থাকছে না! জার্মানির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে ঘানার কোচ মিলোভান রাজেভাচ ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে উঠে তাঁরাই আফ্রিকার পতাকা ওড়াবেন। হতাশ হতে হয়নি আফ্রিকানদের। জার্মানির কাছে হারলেও শেষ পর্যন্ত ঠিকই শেষ ষোলোয় উঠে গেছে আফ্রিকার দেশটি।আফ্রিকার প্রতিনিধিত্ব করার দাবি নিয়েই রাজেভাচ বলছেন, ‘আমার বিশ্বাস, আফ্রিকার বেশির ভাগ মানুষ আমাদের সমর্থন করবে। আর আফ্রিকানদের এই সমর্থনই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়ক হবে।’ঘানার মিডফিল্ডার সলে মুনতারি এই সফলতাকে গোটা আফ্রিকার সফলতা হিসেবে দেখছেন। ম্যাচ শেষে মুনতারি বলেছেন, গোটা আফ্রিকা আজ আনন্দে ভাসছে। এই সফলতা আফ্রিকান ফুটবলের সফলতা! এরপর তিনি যোগ করেন, ‘এই প্রতিযোগিতা ভালোভাবে শুরু করতে পারেনি আফ্রিকা। কিন্তু শেষটা ভালো করার প্রত্যাশা করছি আমরা।’