আফ্রিকার পতাকা ওড়ানোর স্বপ্ন ঘানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদায় নিয়েছে আফ্রিকান ফুটবলের ‘পাওয়ার হাউস’খ্যাত ক্যামেরুন ও নাইজেরিয়া। আইভরিকোস্ট ও আলজেরিয়ার বিদায় যেন সময়ের ব্যাপার। তাতে কী, দ্বিতীয় রাউন্ডে আফ্রিকার পতাকা উচ্চে তুলে ধরার জন্য রয়ে গেছে সেই ‘আবেদি পেলের’ দেশ ঘানা। একটা সময় ছিল আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আবেদি পেলের ঘানা কেন বিশ্বকাপে খেলতে পারছে না, সেটাই হতো সবচেয়ে বড় গবেষণার বিষয়। বিশ্বকাপ না খেলতে পারার যন্ত্রণা বুকে নিয়েই ফুটবলকে বিদায় জানিয়েছেন আবেদি পেলে। তাঁর দেশ ঘানা ২০০৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, তাঁর স্বপ্নের প্রথম প্রতিদান দিয়েছিল। সেবারই নিজেদের সামর্থ্যের কিছুটা প্রমাণ রেখেছিল এ দেশটি। এবার দ্বিতীয় রাউন্ডে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব কাঁপিয়ে দেওয়ার প্রত্যয় বয়ে নিয়ে চলেছে তারা। ঘানার কোচ মিলোভান রাজেভাচ সবাইকে স্বপ্ন দেখাতে চান, দলকে নিয়ে যেতে চান বহু দূর। বিশ্বকাপের মাঠে নতুন ইতিহাসের বুনন এঁকে দিতে চান তিনি স্মরণীয় পারফরম্যান্স দিয়ে।এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে আফ্রিকার কোনো দেশ। সারাক্ষণ ক্ষুধা-দারিদ্র্য আর সংঘাতের মধ্যে বেঁচে থাকা আফ্রিকার মানুষগুলোকে ‘নতুন কিছু’র স্বপ্ন দেখিয়েছে এ বিশ্বকাপ। ফুটবল তাদের বড় গর্বের ধন। ফুটবল দিয়ে সব দুঃখ-ব্যথা, গ্লানি-জরাকে জয় করতে চায় আফ্রিকার মানুষগুলো। তাদের স্বপ্ন-বাগানের মালি হয়ে বিশ্বকাপে টিকে থাকা ঘানার কাছ থেকেও তারা শুনতে চাইছে নতুন কোনো আহ্বান। এ আহ্বান ভালো ফুটবলের, বিশ্ববাসীর সামনে নতুন করে প্রমাণ করে দেওয়ার—দেখো আমরাও পারি বিশ্বমঞ্চে লড়াই করতে।আজ গ্রুপের শেষ ম্যাচে জার্মানির সঙ্গে খেলবে আফ্রিকার ঘানা। আফ্রিকার স্বপ্নকে ঘানা ওপরে তুলে ধরতে পারবে কি না, তা প্রমাণ হয়ে যাবে আজই। শক্তিশালী জার্মানির বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও দেশটি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। হারলেও সমস্যা নেই। তবে সেই হারটা হতে হবে ন্যূনতম ব্যবধানে। সে ক্ষেত্রে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে সার্বিয়ার হার কামনা করতে হবে তাদের। আরেকটি হিসাবের মারপ্যাঁচ ঘানাকে নিয়ে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে। অস্ট্রেলিয়া-সার্বিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হতে পারে ঘানার জন্য আনন্দের উপলক্ষ। আরও কিছু হিসাব আছে, তবে আপাতত এতটুকু জেনে রাখাই যথেষ্ট, জার্মানির বিপক্ষে জয় তো বটেই একটি ড্র কিংবা ন্যূনতম ব্যবধানে হার এবং অস্ট্রেলিয়া-সার্বিয়া ম্যাচের অমীমাংসা ঘানাকে নিয়ে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে।সব মিলিয়ে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা ভালোভাবেই দেখতে পারে ঘানা। কোচ মিলোভান রাজোভাচ তাই আত্মবিশ্বাসের সুরেই বলেছেন, ‘আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে উঠে আমরাই প্রতিনিধিত্ব করব আফ্রিকার।’ প্রতিপক্ষ জার্মানিকে নিয়ে একদমই চিন্তিত নন ঘানার কোচ। তিনি জানিয়েছেন, ‘আমি কেবল এতটুকুই বলতে পারি, ঘানার বিপক্ষে জার্মানি বেশ চাপের মুখে থাকবে।’ঘানার বিপক্ষে ম্যাচটি নিয়ে দারুণ চাপেই রয়েছে জার্মানরা। কারণ, বিশ্বকাপে বহু দিন পর প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার একটি আশঙ্কা উঁকি মারছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। ঘানার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। জার্মানির এই চাপই শক্তি হয়ে কাজ করতে পারে ঘানার জন্য। গোটা আফ্রিকাবাসীই হাত বাড়িয়েই রেখেছে ঘানার জন্য সব ধরনের প্রার্থনা নিয়ে।