আফ্রিকার বর্ষসেরা ফুটবলার স্যামুয়েল ইতো
কয়েক দিন আগেই ইন্টার মিলানের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছিল স্যামুয়েল ইতোর হাতে। এবার আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা আর ঘানার আসামোহ গায়ানকে পেছনে ফেলে চতুর্থবারের মতো আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই ক্যামেরুন স্ট্রাইকার।এর আগে ২০০৩ সাল থেকে টানা তিনবার এ বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন স্যামুয়েল ইতো। আর এবার প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে চতুর্থবারের মতো এ পুরস্কার জিতলেন তিনি। এর আগে তিনবার করে এ পুরস্কার জিতেছিলেন ঘানার আবেদি পেলে ও লাইবেরিয়ার স্ট্রাইকার জর্জ ওয়েহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী ইতো বলেছেন, ‘আবার এ পুরস্কারটা জিততে পেরে খুবই ভালো লাগছে। তবে এটা সত্যি যে এখন আফ্রিকা থেকে অনেক ভালো মানের ফুটবলার আসছে। আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়ও ভবিষ্যতে আসবে। হয়তো এটাই ছিল আমার এ পুরস্কারটা জেতার শেষ সুযোগ।’এ বছর ক্যামেরুনের জার্সি গায়ে ১২ ম্যাচে মোট ১০টি গোল করেছেন ইতো। বিশ্বকাপে আশাব্যঞ্জক পারফরমেন্স দেখাতে না পারলেও ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে ইন্টার মিলানের ঐতিহাসিক ট্রেবল জেতার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই ক্যামেরুন স্ট্রাইকার। রয়টার্স।