আফ্রিকার সেরা হতে চায় ঘানা
ইতিহাস তো হয়েই গেছে। এই প্রথম ঘানা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবার আরও বড় ইতিহাস লেখানোর অপেক্ষা। আসামোয়া জিয়ান, সুলে মুনতারি, স্টিফেন আপিয়া...এই নামগুলো এবার আফ্রিকার ফুটবল ইতিহাসটাই লেখাতে চায় নতুন করে। আফ্রিকার প্রথম দল হিসেবে ঘানাকে সেমিফাইনালে তুলতে চান তাঁরা। সার্বিয়া আর অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে জার্মানির সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঘানা। এরপর যুক্তরাষ্ট্রকে হারিয়ে উঠে এসেছে শেষ আটে। আগামীকাল উরুগুয়ের বিপক্ষে শেষ আটের লড়াই ‘কালো তারা’দের। এ ম্যাচে জিততে পারলেই ক্যামেরুন আর সেনেগালকে পেছনে ফেলবে ঘানা। আফ্রিকার দেশগুলোর মধ্যে বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়া দেশ হয়ে যাবে তারা। বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্য এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল। গত এবং এই বিশ্বকাপে ঘানার আগে এই কৃতিত্বও ছিল কেবল ক্যামেরুন (১৯৯০) ও সেনেগালের (২০০২ বিশ্বকাপ)। আফ্রিকার অধরা সাফল্যকে এবার ধরতে চায় ঘানা। জিয়ান, মুনতারি আর আপিয়াদের কণ্ঠে ঝরে পড়ছে সেই প্রত্যয়। স্বপ্ন সত্যি করতে শতভাগ ঢেলে দিতে প্রস্তুত তাঁরা। প্রথম দুই ম্যাচের গোলসহ এই বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল করেছেন রেনেঁর স্ট্রাইকার জিয়ান। এই পারফরম্যান্সের কারণেই এবার হয়তো ইউরোপের বড় ক্লাবের নজরেও পড়বেন। তবে জিয়ানের ভাবনায় এখন এসব নয়, শুধুই উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ‘উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ। তবে কাদের বিপক্ষে খেলছি, এটা নিয়ে আমরা ভাবি না। আমরা যেকোনো দলের বিপক্ষে খেলতেই প্রস্তুত।’গোলটোল করেননি ঘানার ইন্টার মিলান মিডফিল্ডার মুনতারি। এখন পর্যন্ত শুরুর একাদশেও খেলা হয়নি তাঁর। তবে ঘানাইয়ান কিংবদন্তি আবেদি পেলের ছেলে আবেদি আইয়ুর চোট আগামীকাল তাঁকে সুযোগ করে দিতে পারে শুরুর একাদশে। সুযোগ পেলে নিজের সেরা খেলাটাই খেলবেন মুনতারি, ‘আমি সব সময়ই দলকে শতভাগ দিতে চাই। সুযোগ পেলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও তাই দেব।’আফ্রিকার ফুটবল ইতিহাসের অংশ হতে উন্মুখ হয়ে আছেন জিয়ান আর মুনতারি। তবে দুজনেরই সমস্যা আছে দুটি। জিয়ান ভুগছেন অ্যাঙ্কেলের চোটে। মুনতারি ঝামেলা পাকিয়েছেন কোচ মিলোভান রাজেভাচের সঙ্গে। এমনকি বিশ্বকাপ চলাকালে তাঁকে দেশেও ফেরত পাঠানোর কথা ভেবেছিলেন কোচ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এসব সমস্যাকে ভুলেই থাকতে চান তাঁরা। জিয়ান তাঁর চোট নিয়ে বলেছেন, ‘আমার বিশ্বাস, আমি ঠিক হয়ে যাব আর শুক্রবারের ম্যাচেও খেলতে পারব।’ আর সুলে মুনতারির কথা, ‘ব্যক্তিগতভাবে আমি সব বাজে বিষয় পেছনে ফেলতে চাই। আমাদের তো এখন নিজেকে উজাড় করে দেওয়ার সময়।’জিয়ান-মুনতারিদের এমন উজাড় করে দেওয়ার তাড়নাই বলছে, এই ঘানা দলটা অন্য রকম। এটা আর কারও বলে দেওয়ার প্রয়োজন ছিল না। তবু আপিয়া সবাইকে মনে করিয়ে দিলেন—‘আমাদের এই দলটা অসাধারণ।’সেই অসাধারণ দল বিশ্বকাপে অসাধারণ তো কিছু করতে চাইবেই। আগামীকাল উরুগুয়েকে হারিয়ে সে রকম কিছু করার প্রত্যয় আপিয়ার কণ্ঠে, ‘আমরা ইতিহাস গড়তে চাই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে চাই।’ এএফপি, ওয়েবসাইট।