আফ্রিকায় সাম্বা-ট্যাঙ্গোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর আফ্রিকান নাচ, চার বছর পর ব্রাজিলে সাম্বা—ফিফার পরিকল্পনা এ রকমই ছিল। কিন্তু লাতিনরা অত অপেক্ষা করতে রাজি হলো না। দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপকেই মাতিয়ে দিল তারা লাতিন রঙে। আফ্রিকান ‘ডিস্কি ড্যান্স’ ছাপিয়ে কেপটাউন, জোহানেসবার্গ, ডারবান হয়ে উঠল সাম্বা-ট্যাঙ্গোর নগর! যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সমর্থকদের মতো অর্থের দাপট নেই লাতিনদের। কিন্তু নেচে-গেয়ে, উৎসব করে তারা জমিয়ে ফেলেছে পুরো দক্ষিণ আফ্রিকাই। ইউরোপিয়ান সমর্থকদের বড় অংশই যখন মাথা নিচু করে দেশে ফিরে গেছে, তখন এই লাতিন সমর্থকেরাই দারুণ চাঙ্গা করে রেখেছে দক্ষিণ আফ্রিকান পর্যটনশিল্পকে।ফুটবলীয় দিক থেকে এবারের বিশ্বকাপে দারুণ সফল লাতিন দেশগুলো। দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশ, আরও বড় করে বললে বলা যায়, মেক্সিকোসহ লাতিন ছয় দেশই এবার দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে চার দল চলে গেছে কোয়ার্টার ফাইনালে।আর্জেন্টিনা-ব্রাজিল অনুমতিই ছিল। চমক দিয়েছে উরুগুয়ে ও প্যারাগুয়ে। তবে এই চার দল শুধু নয়, আফ্রিকান কর্তারা মেতেছেন ছয় লাতিন দেশের সমর্থকদেরই বন্দনায়। লিমপুপু প্রদেশের পর্যটন বিভাগের প্রধান রবার্ট টুলি ভীষণ অবাক লাতিনদের বিরামহীন উৎসাহ-উচ্ছ্বাস দেখে। তাঁর এলাকার শহর পোলকওয়ানেতে আস্তানা গেড়েছিলেন আর্জেন্টিনা, মেক্সিকো ও প্যারাগুয়ের সমর্থকেরা। টুলি বলছেন, ‘এটা আমাদের জন্য বিরাট চমক হয়ে এসেছে। আমরা এত লাতিন পর্যটক আশা করিনি। তাঁরা তো পিটার্সবার্গের গলফ ক্লাব থেকে শুরু করে সব ধরনের অবকাঠামো ভাড়া করে ফেলেছেন। এঁরা আসলেই জানেন, উৎসব কীভাবে করতে হয়। আর্জেন্টাইনরা তো শহরটাই দখল করে ফেলেছেন।’পোলকওয়ানে ‘দখল’ করে ফেলাদের মধ্যে আছেন প্যারাগুয়ের গ্যাব্রিয়েল হামুউ। ১৫ সদস্যের পরিবার নিয়ে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকায়। ঠান্ডাতে একটু কষ্ট পাচ্ছেন। তবে নেচে-গেয়ে পুষিয়ে নিচ্ছেন প্যারাগুয়ে থেকে আসা হাজার তিনেক সমর্থকের একজন এই হামুউ, ‘আমাদের ওখানকার চেয়ে এখানে ঠান্ডাটা একটু বেশি। তা না হলে দক্ষিণ আফ্রিকা সব দিক থেকে আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সুন্দর একটা দেশ।’লাতিন আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়ে থেকে আসা নিকোলাস পিরালতাও মহা খুশি বিশাল এই দক্ষিণ আফ্রিকা দেশটা দেখে। নিজেদের দলের সাফল্যে ভদ্রলোক দারুণ উচ্ছ্বসিত। বেশি উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার বিশালত্ব দেখে, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের দেশের চেয়ে অনেক বড়। এখানে আমাকে অনেক লম্বা পথ গাড়ি চালাতে হচ্ছে। প্রিটোরিয়া থেকে কেপটাউন পর্যন্ত আমরা প্রায় ১৬০০ কিলোমিটার গাড়ি চালিয়েছি। আমাদের দেশে ৫০০ কিলোমিটার চালালেই উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়া যায়।’পিরালতা এখন প্রস্তুতি নিচ্ছেন খেলা দেখা শেষ হলে এই দেশটা ভালো করে ঘুরে দেখার, দেশটার সংস্কৃতি-ঐতিহ্য বোঝার। আর পিরালতাদের এই প্রস্তুতি উৎসব দেখে আপ্লুত দক্ষিণ আফ্রিকান পর্যটন কর্তৃপক্ষ।দক্ষিণ আফ্রিকার পর্যটন বিভাগের প্রধান নির্বাহী থান্ডিয়ে জানুয়ারি-ম্যাকলিন বললেন, ‘লাতিন আমেরিকা, বিশেষ করে মেক্সিকো ও ব্রাজিলের সমর্থকেরা সব সময়ই আমাদের আলোচনায় থাকছেন। এই দেশগুলো থেকে যে বিপুল সংখ্যায় সমর্থক এসেছেন, তাতে আমাদের দারুণ উন্নতি হচ্ছে।’পরের বার ব্রাজিলে আফ্রিকানরা গিয়ে জমিয়ে দেবে তো? এএফপি।