আফ্রিদি, ইউনুসকে কর ফাঁকির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও ইউনুস খানসহ চার ক্রিকেটারকে কর ফাঁকির নোটিশ দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড। এই চার ক্রিকেটারের বিরুদ্ধে ৮ কোটি রুপি আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।পাকিস্তানের দৈনিক ‘ডন’-এর খবরে বলা হয়েছে, আফ্রিদি-ইউনুস ছাড়া নোটিশ পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন আবদুল রাজ্জাক ও উমর আকমল। রাজস্ব বোর্ডের একজন মুখপাত্র বলেন, আফ্রিদি, ইউনুস, রাজ্জাক ও উমর এই চার ক্রিকেটারকে নোটিশ দেওয়া হয়েছে। কারণ তাঁরা তাঁদের ম্যাচ ফি, বার্ষিক চুক্তি ও অন্যান্য উৎস থেকে পাওয়া অর্থের কর দেননি। তাঁদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।রাজস্ব বোর্ডের মুখপাত্র জানান, গত জুনে টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ, আজহার আলী, তৌফিক উমর, উমর আকমল ও ওয়াহাব রিয়াজকে কর ফাঁকির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।পাকিস্তানিদের মধ্যে আয়কর দেওয়ার প্রবণতা খুব একটা নেই। ২০১০-১১ অর্থবছরে পাকিস্তানের জিডিপির মাত্র ৯.৮ শতাংশ এসেছিল আয়কর থেকে। এশিয়ান ডেভালপমেন্ট ব্যাংকের (এডিবি) হিসাব অনুযায়ী, পাকিস্তানের ২ শতাংশেরও কম মানুষ আয়কর দিয়ে থাকেন।ম্যাচ ফি, বার্ষিক চুক্তি ও অন্যান্য উৎস থেকে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা বেশ বড় অঙ্কের অর্থ আয় করে থাকেন। অর্থ আয়ের দিক থেকে সবার শীর্ষে আফ্রিদি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আফ্রিদি, ইউনুস ও উমর আকমল ‘এ’ গ্রেডের অন্তর্ভুক্ত। চুক্তি অনুযায়ী তাঁদের মাসিক আয় ৩ লাখ ১৩ হাজার রুপি। এ ছাড়া প্রতিটি টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির ম্যাচ ফি বাবদ যথাক্রমে ৪ হাজার, ৩ হাজার ৮০০ ও ২ হাজার ৯০০ মার্কিন ডলার পান শীর্ষ ক্রিকেটাররা।