আফ্রিদি অধিনায়ক থাকছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আফ্রিদির আচরণে নাকি কখনোই খুশি ছিলেন না পিসিবির সভাপতি ইজাজ বাট। অনেক সময় আবেগের বশবর্তী হয়ে দলের ব্যাপার-স্যাপার নিয়ে বাইরে কথা ছড়ানো, অন্যের সিদ্ধান্তকে অসম্মান করা ইত্যাদি অভিযোগের কারণে বিশ্বকাপের সময় অধিনায়কের নাম ঘোষণা করতে এত দেরি করেছিল পিসিবি। বিশ্বকাপের পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একাদশ নিয়ে প্রধান কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিসংবাদে জড়িয়ে পড়ার কারণে এবার আফ্রিদির ওপর বেজায় চটেছেন ইজাজ বাট। এমনও হতে পারে, আফ্রিদির সর্বশেষ আচরণ, তাঁকে অধিনায়কত্বও ছেড়ে দিতে বাধ্য করতে পারে বলে জানা গেছে।আফ্রিদি টেস্ট খেলেন না বা টেস্ট খেলতে পছন্দ করেন না। তাই পাকিস্তান দলের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে এসেছেন আফ্রিদি। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই ওয়াকারের সঙ্গে বিতণ্ডার কারণ জানতে চেয়ে পিসিবি তাঁকে চিঠি দিয়েছে। পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি টাইমস জানিয়েছে, আফ্রিদি এখনো চিঠির জবাব দেননি। পিসিবি সভাপতি নাকি আফ্রিদির সেই চিঠিটির জবাবের অপেক্ষায় রয়েছেন। এর পরেই বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আফ্রিদির অপরাধ অনেকগুলোই। তিনি সব সময়ই কোচের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন। দ্বিমত থাকতেই পারে, কিন্তু দলের অভ্যন্তরীণ ব্যাপার অপেশাদার ব্যক্তির মতো দলের বাইরে নিয়ে আসার জন্যই তিনি সবচেয়ে বেশি সমালোচিত। তাঁর ওপর পিসিবির ক্ষোভের জায়গাটাও ঠিক এখানেই।এদিকে আফ্রিদি খুব তাড়াতাড়িই পিসিবির নোটিশের জবাবটা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, আফ্রিদি অপরাধ করলেও বোর্ডের বেশির ভাগই চান আফ্রিদির অধিনায়কত্বটা না কেড়ে নিতে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ২ ওয়ানডে খেলতে পাকিস্তান আয়ারল্যান্ড গেলে সেখানে ক্যারিবিয়ানে অবস্থান করা টেস্ট দলটিকেই পাঠানোর পরিকল্পনা করছে পিসিবি। সে ক্ষেত্রে আফ্রিদি নন, ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ-উল হক।পাকিস্তান ক্রিকেটের ‘অধিনায়কত্ব’ নামক ‘প্যান্ডোরার বাক্স’টি কিন্তু খোলা রইলই।