আফ্রিদি এবার রাষ্ট্রপতির দ্বারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আফ্রিদি সম্ভবত পৃথিবীর প্রথম খেলোয়াড়, যাঁকে অবসর নেওয়ার কারণ দর্শানো চিঠি পেতে হলো! শুধু কারণ দর্শানো নোটিশই নয়, পাকিস্তানকে গত বিশ্বকাপে সেমিফাইনালে তোলা অধিনায়ককে দেওয়া সকল অনাপত্তিপত্রও বাতিল করেছে পিসিবি। যার ফলে কোনো লিগ ক্রিকেটেও খেলতে পারছেন না আফ্রিদি। কাউন্টি দল হ্যাম্পশায়ারও বাধ্য হয়ে তাদের দল থেকে ছেড়ে দিয়েছে আফ্রিদিকে। আফ্রিদির সব পথই এখন রুদ্ধ। পিসিবি ভালোই শোধ তুলছে!এ অবস্থায় একটা কাজই করতে পারেন আফ্রিদি। সেটাই করেছেন। আবেদন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে। জারদারি পদাধিকার বলে পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। আফ্রিদির আহ্বান, পিসিবির এই অচলায়তন ভাঙতে জারদারি যেন হস্তক্ষেপ করেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে আবেদন করেছি, এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে। পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও যেন তিনি হস্তক্ষেপ করেন। আরও সংকটে পড়ে যাওয়ার আগেই ক্রিকেটকে বাঁচান।’বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি আবারও জোর দিয়েই বলেছেন, ‘আমার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে অবসর নিইনি। আগেও তো আমি অনেক সিনিয়রের অধীনে খেলেছি। বিষয়টা অধিনায়কত্বের ছিল না, ছিল আত্মসম্মানের। সেই আত্মসম্মানেই আঘাত করা হয়েছে।’পাকিস্তানের ক্রিকেট নিয়ে বহু আগে থেকেই নাটক চলে আসছে। তবে এক ইজাজ বাটের আমলে যত নাটক ও কেলেঙ্কারি হয়েছে, সেটির সঙ্গে আর কিছুরই তুলনা চলে না। তার পরও বাট নির্বিঘ্নে পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমন শোনা যাচ্ছে, নিজের দেশের সেরা অলরাউন্ডারটিকে হারানোর পরও বাটের গায়ে নাকি সামান্য আঁচটুকুও লাগছে না। ঘরে-বাইরে যত সমালোচনাই হোক, বাট আফ্রিদিকে দেখিয়ে দেওয়ার পণই যেন করেছেন। আর জারদারির নিরাপদ ছায়া পাচ্ছেন বলেই বাট এমন ক্ষমতাধর। নিন্দুকের দাবি এমনটাই।তবে পাকিস্তানের ক্রিকেটকে বিশ্ববাসীর কাছে হাসির খোরাক বানিয়ে তোলার কারণে ওয়াসিম আকরামের পর এবার সমালোচনার খড়্গ তুলে নিলেন ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ায় এই তো সেদিনও সবাই আফ্রিদির কী প্রশংসাটাই না করছিল। এরপর আকস্মিকভাবে সব পাল্টে গেল!’ক্রিকেট বোর্ডে গণতন্ত্র আনার দাবিও করেছেন বিরোধীদলীয় নেতা ইমরান, ‘এখন বোর্ড চলে আহ্বায়ক কমিটি দিয়ে!’ এএফপি।