আফ্রিদি-ওয়াকার দ্বন্দ্বের অবসান
সাবেক কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে শহীদ আফ্রিদির দ্বন্দ্বের অবসান হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সদ্যসমাপ্ত সিরিজ চলার সময় ওয়াকারের সঙ্গে দেখা করেন আফ্রিদি।দ্বন্দ্ব নিরসনের খবর নিশ্চিত করে পিটিআইকে আফ্রিদি জানিয়েছেন, ওয়ানডে সিরিজ চলার সময় দুবাইয়ে ওয়াকারের সঙ্গে দেখা করেন তিনি। ওয়াকার বলেছেন, ‘একসঙ্গে কাজ করার সময় আমাদের মধ্যে কিছু মতপার্থক্য হয়েছিল। এগুলো প্রকাশ পেয়েছিল কারণ আফ্রিদি গণমাধ্যমের সামনে আমার বিরুদ্ধে নানা কথা বলেছিল। আমিও পাল্টা জবাব দিয়েছিলাম। তবে এখন সবকিছু স্বাভাবিক। আমাদের দুজনের লক্ষ্য ছিল একটাই—পাকিস্তান দলকে এগিয়ে নিয়ে যাওয়া।’ওয়াকার ও আফ্রিদির মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশিত হয় এ বছর পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়। দেশে ফিরে কোচের খোলামেলা সমালোচনা করেন আফ্রিদি। অভিযোগ করেন, ওয়াকারের কারণেই তাঁর দায়িত্ব পালন কঠিন হয়ে দাঁড়িয়েছে। শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে অধিনায়কত্ব হারান আফ্রিদি। নেতৃত্ব কেড়ে নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেন ক্ষুব্ধ আফ্রিদি। ওয়াকার কোচের পদ থেকে সড়ে দাঁড়ান গত সেপ্টেম্বরে। তবে কারণটা ভিন্ন। শারীরিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি।