আফ্রিদি-ওয়াকারকে আইসিসির সমন
স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় শহীদ আফ্রিদি ও ওয়াকার ইউনুসের প্রতি সমন জারি করেছে করেছে আইসিসি। দোহায় আগামী ৬-১১ জানুয়ারি স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত এবং পরবর্তী সময়ে সাময়িক বহিষ্কৃৃত সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে হাজির হতে বলা হয়েছে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক ও কোচকে।পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুজনকেই আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। তবে সশরীরে হাজির হতে না পারলে টেলিকনফারেন্সের মাধ্যেমে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন ওয়াকার ও আফ্রিদি।ক্রিকইনফো জানিয়েছে, ওয়াকার ও আফ্রিদির বরাত দিয়ে সম্প্রতি মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে, সে সম্পর্কে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত সপ্তাহে পাকিস্তানের এক সংবাদপত্রকে ওয়াকার ইউনুস বলেন, ‘মোহাম্মদ আমিরের নো-বলে আমি খুব বেশি বিস্মিত হয়েছিলাম। কারণ সেটা ছিল সাধারণ ডেলিভারির চেয়ে অনেক ব্যতিক্রম।’ এরপর পাকিস্তানের এই কোচ জানান, তিনি বিষয়টি নিয়ে বোলার আমিরের সঙ্গে কথা বলেন। কিন্তু তখনকার অধিনায়ক সালমান বাট এতে হস্তক্ষেপ করেন। ওয়াকার ইউনুসের মতো আফ্রিদিও অভিযুক্ত ওই তিন ক্রিকেটার সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন।