আফ্রিদি-ওয়াটসনের শেষের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায়টাকে কীভাবে মনে রাখবেন শহীদ আফ্রিদি? বিতর্ক আর পারফরম্যান্সের উত্থান-পতন মিলিয়ে যে মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। ভারতে এসে ভারতীয়দের নিয়ে এক মন্তব্য করে দেশে সমালোচিত হচ্ছেন। মাঠের খেলা নিয়েও হচ্ছে সমালোচনা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জেতানোই এই বিশ্বকাপে একমাত্র সুখের স্মৃতি। এ ছাড়া তো দলেই আফ্রিদির জায়গা নিয়ে প্রশ্ন উঠছে!
মোহালিতে আজ অস্ট্রেলিয়ার সঙ্গে বাঁচা-মরার ম্যাচ, অথচ সেটি ছাপিয়ে আফ্রিদির বিশ্বকাপ-অভিযানের বর্ণনা কেন? কারণ আজ হারলে এটাই হয়ে যেতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। টেস্ট-ওয়ানডে থেকে আগে অবসর নিয়েছেন, টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ানোর চাপ ছিল কিছুদিন ধরে। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর আভাসটা নিজেই দিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী পাকিস্তান অধিনায়ক, ‘প্রতিটি ম্যাচেই আমরা কিছু না-কিছু ভুল করছি। এটা ভালো হচ্ছে না। সম্ভবত পরের ম্যাচটাই (অস্ট্রেলিয়া) আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
অবসরের ঘোষণা আরও একজন দিয়ে রেখেছেন—শেন ওয়াটসন। এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। শেষটাকে রাঙানোর তাই সব চেষ্টাই নিশ্চয়ই করবেন আফ্রিদি-ওয়াটসনরা। শুধু নিজেদের বিদায় পেছানোর জন্য নয়, বিশ্বকাপে টিকে থাকতেও। পয়েন্ট তালিকাটা এমন যে সুপার টেনের প্রতিটি ম্যাচই বুঝিয়ে দিচ্ছে গ্রুপটি ‘মৃত্যুকূপ’। আজ জয়ী দলও যেমন সেমিফাইনালে ওঠার ব্যাপারে একেবারে নিশ্চিত হতে পারবে না। অপেক্ষায় থাকতে হবে দুই দিন পর এই মাঠেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি পর্যন্ত। গ্রুপ থেকে সেমিফাইনালের জায়গা বাকি একটি, তাতে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার ত্রিমুখী লড়াই। শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারিত হতে পারে রানরেটেও।
সে চিন্তা পরে। তার আগে আজকের ম্যাচেই দুই দলের সব মনোযোগ। কিছু পরিবর্তনও আসতে পারে দুই দলে। সর্বশেষ দুটি ম্যাচেই স্পিন-পেস কোনো বিভাগে ভালো বোলিং করতে পারেনি পাকিস্তান। ব্যাটিংয়েও অবস্থাটা খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর ব্যাটিংয়ের সমালোচনা করে কোচ ওয়াকার ইউনিস তো ঘোষণাই দিয়ে রেখেছেন, ‘এই দল সেমিতে খেলার যোগ্য নয়।’
ব্যাটিং নিয়ে চিন্তা অস্ট্রেলিয়ারও আছে। দলের মিডল অর্ডার ব্যাটিংই ভোগাচ্ছে। এ জন্য মোহালির ‘অনেকটা অস্ট্রেলিয়ার মতো উইকেটে’ ওপেনার অ্যারন ফিঞ্চকে দলে ফিরিয়ে আনতে পারে অস্ট্রেলিয়া, ওয়াটসন ব্যাট করবেন মিডল অর্ডারে। তবে সব মিলিয়ে এই ম্যাচে দলকে আরও উজ্জীবিত দেখতে চাইছেন অধিনায়ক স্মিথ, ‘প্রতিটি ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করছি। টুর্নামেন্টে ভালো করতে এটাই দরকার। অবশ্যই আপনি সব ম্যাচ জিততে চাইবেন, প্রতি ম্যাচে উন্নতিও চাই। আগের ম্যাচে যতটা চেয়েছিলাম ততটা নিখুঁত ছিলাম না।’
টুর্নামেন্টে এ পর্যন্ত এই দুটি দলকেই অচেনা লেগেছে। আজ তাদের চেনানোরও ম্যাচ। এএফপি।