আফ্রিদি গেলেন মনোবিদের কাছে
ক্রিকেট মনস্তত্ব নিয়ে গবেষণা হলে তিনি হতে পারেন সবচেয়ে কাঙ্ক্ষিত ‘গিনিপিগ।’। তাঁর মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে গেলে খেই হারিয়ে ফেলতে পারেন অনেক ঝানু মনোবিদও। ক্যারিয়ার জুড়ে বুদ্ধি-পরামর্শ-টোটকা তো তাঁকে কম দেওয়া হয়নি। কিন্তু ‘পাগলা ঘোড়া’কে বশ করা যায়নি। সেই লাগামহীন ঘোড়া শহীদ আফ্রিদি অবশেষে মনোবিদের শরণ নিয়েছেন! এই মনোবিদও এক সাবেক ক্রিকেটার—মঈন-উল-আতিক। শুক্রবার মনোববিদের সঙ্গে প্রথম সেশন কাটিয়েছেন আফ্রিদি।গোধুলিতে এসে ক্যারিয়ার বাঁচাতেই মনোবিদের দারস্থ হয়েছেন আফ্রিদি। তাঁর অলরাউন্ডার সত্ত্বা নিয়ে টানাটানি অনেকদিন ধরেই। ২০০৮ থেকে গত বছরের শুরু পর্যন্ত বল হাতে ছিলেন দুর্দান্ত। কিন্তু ব্যাট হাতে নিষ্প্রভ। এক পর্যায়ে নিজেকে শুধু বোলার বলেই ঘোষণা দিয়ে ফেললেন, ব্যাট হাতে কিছু দিতে পারলে সেটা নাকি বোনাস। গত কিছুদিন ধরে আবার উল্টো সমস্যা। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ফিরলেন সেই ভয়ঙ্কর চেহারায়, কিন্তু বল হাতে ধার নেই। সর্বশেষ ১৭ ওয়ানডেতে পেয়েছেন ৭ উইকেট, সর্বশেষ ছয়টিতে উইকেটই নেই!মনোবিদের সঙ্গে প্রথম সেশনে তাই বোলিং নিয়েই কাজ হয়েছে। দীর্ঘক্ষণ আফ্রিদির সঙ্গে কথা বলেছেন মঈন-উল-আতিক। তাঁকে বোঝার ও বোঝানোর চেষ্টা করেছেন, অনুপ্রাণিত করেছেন। আফ্রিদির বোলিংয়ের ভিডিও বিশ্লেষণও হয়েছে। মনোবিদের সঙ্গে আরও কয়েকটি সেশন কাটানোর কথা আফ্রিদির।মনোবিদের কাছে গিয়ে আদৌ কোনো সুফল আসবে কিনা উত্তর দেবে সময়। দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে কিছু করতে পেরেছিলেন বলে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে টিকে গেছেন। মূল দলেও হয়তো থাকবেন বড় টুর্নামেন্ট আর অভিজ্ঞতা বিবেচনায়। এটাই হয়তো হবে শেষ সুযোগ। ‘এসিড টেস্টে’র আগে তাই ঘরোয়া একদিনের টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে নিজেকে ঝালিয়ে নিতে চান আফ্রিদি, ‘এই টুর্নামেন্ট আমার জন্য ব্যাটিং ও বোলিংয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আদর্শ সুযোগ। নিজের সেরাটা দিতে তাই উন্মুখ আমি। যদিও ঘরোয়া ও আাান্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে, তাপরও এখানে দারুণ কিছু করলে আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। আমি বিশ্বাস করি, ক্রিকেটে এখনও আমার অনেক কিছু দেয়ার বাকি এবং আমি সেটা প্রমাণ করব।’আফ্রিদিই কিন্তু মঈন-উল-আতিকের প্রথম ছাত্র নন। গত জুলাই থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছেন ৪৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান। ১৯৮৮-৮৯ সালে পাকিস্তানের হয়ে ৫টি ওয়ানডে খেলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান তিনিই (১০৫, চট্টগ্রামে)। সাবেক ক্রিকেটার হওয়ায় ক্রিকেট মনোবিদ হিসেবে ভালোই যশ কুড়াচ্ছেন। লাহোরের ক্রিকেট একাডেমির ছেলেদের সঙ্গে কাজ করছেন নিয়মিতই। আফ্রিদি ছাড়াও জাতীয় ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, আরও করবেন। তবে এটুকু বলে দেওয়ায় খুব একটা ঝুঁকি নেই যে কঠিনতম ‘রোগী’ আফ্রিদিই! ওয়েবসাইট।