আফ্রিদি জানেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে আবারও ফিক্সিংয়ের অভিযোগ। ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এ খবরটা প্রকাশিত হওয়ার পর ক্রিকেটের অন্যতম আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটি। খবরটাকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তী চেয়ারম্যান নজম শেঠি। আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পিসিবিও। তবে তোলপাড় তোলা খবরটা নাকি শোনেননি পাকিস্তান দলের অন্যতম সদস্য শহীদ আফ্রিদি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে আজ দেশে ফিরেছে পাকিস্তান দল। ক্রিকেটাররা লাহোরে পৌঁছানোর পরই তাঁদের ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা। সেখানে ক্যারিবীয় জয়ের প্রসঙ্গের সঙ্গে থাকল দলের বিরুদ্ধে ওঠা ফিক্সিং ইস্যুটাও। ফিক্সিং নিয়ে প্রশ্নটা শুনেই যেন আকাশ থেকে পড়লেন ৩৩ বছর বয়সী আফ্রিদি, ‘কে এটা বলেছে? খবরটা কোথায় প্রকাশিত হয়েছে? আমি সত্যি জানি না। তবে আমি মনে করি, ভালো করার পর অন্য সবকিছু ভুলে শুধু জয় নিয়েই সবার ভাবা উচিত।’

গত জুনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে কী দুর্দশাই না পোহাতে হয়েছে পাকিস্তানকে! বিদায় নিতে হয় প্রতিটি ম্যাচে হেরে। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা মিলল অন্য পাকিস্তানের। পাঁচ ম্যাচের  ওয়ানডে সিরিজে ৩-১-এ জয়। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় প্রতিটিতেই। সিরিজ জয়ের গুরুত্বটা ফুটে উঠল আফ্রিদির কণ্ঠে, ‘জয়টা আমাদের প্রয়োজন ছিল। গোটা দল এক হয়ে খেলেছি এবং জিতেছি। চ্যাম্পিয়নস ট্রফি ও দক্ষিণ আফ্রিকা সফরের খারাপ করার পর এটা আমাদের দরকার ছিল। আমরা জয় চেয়েছিলাম। আমি নিশ্চিত, এই জয় খেলোয়াড়ের মতো দলের ভাবমূর্তি বাড়াতেও সহায়তা করবে। দল যখন ভালো খেলে, খারাপ স্মৃতিটা তখন মুছে যায়।’

আফ্রিদি যথার্থই বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স পাকিস্তান দলের অতীতের অনেক বাজে পারফরম্যান্সকেই হয়তো মুছে দেবে। তবে ফিক্সিংয়ের অভিযোগ? সেটা নিশ্চিতভাবেই অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। কারণ ফিক্সিং ইস্যুতে পাকিস্তানের অতীত অভিজ্ঞতা সুখকর নয়।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি পাতানো ছিল বলে সম্প্রতি সন্দেহ প্রকাশ করে ‘ডেইলি মেইল’। ট্যাবলয়েডটির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয় সিরিজের তৃতীয় ম্যাচটির কথা। সেন্ট লুসিয়ায় উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছিল টাই দিয়ে। খেলাটি টাই হবে—এই ফলাফলের ওপর নাকি অস্বাভাবিক হারে বাজি ধরেছিলেন জুয়াড়িরা। অভিযোগ উঠেছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়েও। সেখানে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে একটা রানও সংগ্রহ করতে পারেননি দুই পাকিস্তানি ওপেনার। এ সময়ে আসা পাঁচটি রানই এসেছিল অতিরিক্ত থেকে। দুটি ম্যাচই আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তারা তদন্ত করে দেখবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: ক্রিকইনফো।