
শহীদ আফ্রিদি
২০০৭
টি-টোয়েন্টিতে যেকোনো দলের কাছেই তিনি পরম প্রার্থিত হওয়ার কথা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নিজের সামর্থ্যটা শহীদ আফ্রিদি জানান দিয়েছিলেন প্রথম আসরেই। স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ঝোড়ো ২২ রান করার পর বল হাতে ৪ উইকেট। টুর্নামেন্টে একমাত্র ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও সেই ম্যাচেই। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে চোখের পলকে করা ১৭ রানের সঙ্গে ৩ উইকেট। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে তেমন কিছু করতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে স্বমূর্তিতে ফিরে ১৫ বলে ৩৯ রানের ইনিংস। টুর্নামেন্টে তাঁর চেয়ে বেশি উইকেট (১৩) পেয়েছিলেন শুধু উমর গুল, তবে শুধু্ একটিই বেশি। ফাইনালে হেরে গেলেও অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্ট-সেরার ট্রফিটা উঠল শহীদ আফ্রিদির হাতেই।

তিলকরত্নে দিলশান
২০০৯
৬ ম্যাচে ৬৩.৪০ গড়ে ৩১৭ রান, স্ট্রাইকরেট ১৪৮.১৩—চোখ কপালে তুলে দেওয়ার মতো পরিসংখ্যানই বটে! তার পরও এই পরিসংখ্যান সেই টুর্নামেন্টের তিলকরত্নে দিলশানকে পুরোপুরি বোঝাতে পারছে না। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সত্যিকার অর্থেই এক আলোড়নের নাম ছিল দিলশান। ক্রিকেটবিশ্ব অবাক হয়ে দেখল ‘দিলস্কুপ’ নামের নতুন এক শট। গুড লেংথ বলও কেমন চামচের মতো তুলে পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে! ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে বলতে গেলে একাই টেনেছেন শ্রীলঙ্কাকে। ৫৭ বলে করেছিলেন ৯৬, শ্রীলঙ্কার মোট রানের ৬০ ভাগই এসেছিল তাঁর ব্যাট থেকে! মজার ব্যাপার, টি-টোয়েন্টিতে দলের পক্ষে শতকরা সবচেয়ে বেশি রানের এই রেকর্ডটি একটু পরেই ভেঙে দিয়েছিলেন ক্রিস গেইল। যে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে ম্যান অব দ্য ম্যাচ, সেই দলের বিপক্ষেই আসল সময়ে গিয়ে হাসল না তাঁর ব্যাট। ফাইনালে দিলশান শূন্য রানে আউট না হলে হয়তো বিশ্বকাপটা শ্রীলঙ্কাই পেত!

শেন ওয়াটসন
২০১২
একটা অতৃপ্তিই শুধু থাকতে পারে শেন ওয়াটসনের, ট্রফিটা ছোঁয়া হয়নি। নইলে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো দুহাত ভরেই দিয়েছে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে। দুধারী তলোয়ারের মতো ব্যাটে-বলে যেন ছিলেন সমান ক্ষুরধার। ব্যাট হাতে ৬ ম্যাচে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২৪৯ রান, স্ট্রাইকরেটও দারুণ—১৫০! বোলিংয়েও শুধু অজন্তা মেন্ডিসই এগিয়ে ছিলেন ওয়াটসনের চেয়ে। ৬ ম্যাচে ১৬ গড়ে ১১ উইকেট, ওভারপ্রতি ৭.৩৩ রান টি-টোয়েন্টির হিসেবে খুব খারাপ নয়! বলতে গেলে অস্ট্রেলিয়াকে একাই টেনে তুলেছিলেন সেমিফাইনালে। শুধু একটি পরিসংখ্যান থেকেই বুঝে নিতে পারেন আসরটাকে কতটা নিজের করে নিয়েছিলেন ওয়াটসন—পুরো টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যে চারটি ম্যাচ জিতেছিল, তার প্রতিটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ওয়াট্টো!

কেভিন পিটারসেন
২০১০
তাঁর ব্যাটিংয়ে সবসময়ই ছিল রোমাঞ্চের পসরা। টেস্ট ক্রিকেটেই যাঁর ব্যাটিং থেকে চোখ সরানো যেত না, সেই কেভিন পিটারসেন যে টি-টোয়েন্টিতেও বড় আকর্ষণ হয়ে থাকবেন, তা তো বলাই বাহুল্য। সেটির সবচেয়ে বড় প্রকাশ ঘটেছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পুরো টুর্নামেন্টেই খেলেছেন দারুণ, তবে নিজেকে ভালোভাবে চিনিয়েছেন সুপার এইটে ওঠার পর। পাকিস্তানের সঙ্গে ম্যাচে ৭৩ রানে অপরাজিত থেকে জেতালেন দলকে। দক্ষিণ আফ্রিকার বোলিংকে ছিঁড়েখুঁড়ে পরের ম্যাচে করলেন ৫৩। দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। এর মধ্যে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সুপার এইটের শেষ ম্যাচটা খেলেনইনি। ফিরে এসে আবারও উজ্জ্বল কেপি, এবার সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে খেললেন ২৬ বলে ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ক্রেইগ কিসওয়েটারকে দিয়েছিলেন যোগ্য সংগত। টুর্নামেন্টে মাহেলা জয়াবর্ধনে সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু ইংল্যান্ডের শিরোপা-সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখে সেরার ট্রফিটা পেলেন পিটারসেনই।