আফ্রিদি পরিকল্পনায় আছেন, নেইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরাবরেই মতোই শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তাকিয়ে কুমার সাঙ্গাকারার দিকে  প্রথম আলো
বরাবরেই মতোই শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তাকিয়ে কুমার সাঙ্গাকারার দিকে প্রথম আলো

মিটিং শুরুর আগে মৃদু গুঞ্জন। শহীদ আফ্রিদির চোট আসলেই কতটা গুরুতর, খেলার সম্ভাবনা কতটুকু, এসবই গুঞ্জনের উপাদান। ‘আমার মনে হয় আলোচনাটা আমরা বাদ দিই’, শোনা গেল কুমার সাঙ্গাকার কণ্ঠ, ‘আফ্রিদি খেলবে ধরে নিয়েই পরিকল্পনা সাজাতে হবে আমাদের।’
‘সত্যি বলতে পরিকল্পনার খুব বেশি কিছু নেই’—নড়েচড়ে বসে শুরু করলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ‘বাংলাদেশে আসার পর থেকে যেভাবে খেলে আসছি আমরা, সেটা ধরে রাখতে পারলেই ট্রফি আমাদের। শুধু দু-একটি ব্যাপার একটু ঠিক করা, একটু ফাইন টিউন করা, ব্যস। মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক রেখেই আমরা সাফল্য পেয়ে আসছি, কালও তাই করতে হবে।’
পাশ থেকে ভ্রু কুঁচকে কোচ পল ফারব্রেস বললেন, ‘মাহেলা যেহেতু রান পাচ্ছে না, ওকে ওপেন করালে কেমন হয়? ওপেনিংয়ে ওর রেকর্ড তো দুর্দান্ত।’ সঙ্গে সঙ্গে সহকারী কোচ মারভান আতাপাত্তুর আপত্তি, ‘না না, ফাইনালে হুট করে পরিবর্তনের দরকার নেই। থিরি তো খারাপ করছে না। আর চারে খেলেই দুঃসময়কে পেছনে ফেলার মতো অভিজ্ঞতা মাহেলার আছে।’
যাঁকে নিয়ে কথা হচ্ছিল, সেই মাহেলা জয়াবর্ধনে আলাপটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, ‘বোলিং ওপেন সম্ভবত হাফিজই করবে আবার।’ অধিনায়ক না হলেও মাঠের ভেতরে-বাইরে সবচেয়ে বেশি কথা বলেন জয়াবর্ধনেই, ‘হাফিজকে একটু বেরিয়ে এসে খেলে শুরুতেই এলোমেলো করে দিতে হবে। একটু ঝুঁকির কাজ, কিন্তু করতে হবে। দায়িত্বটা থাকবে কুশলের, থিরির কাজ হবে লম্বা সময় ব্যাটিং করা। উমর গুলকেও ছন্দ পেতে দেওয়া যাবে না। ছন্দ না পেলেই গুল এলোমেলো বোলিং শুরু করে।’
‘আজমলকে কীভাবে খেলতে হবে, দেখিয়ে দিয়েছে বাংলাদেশ’—ল্যাপটপের পর্দায় চোখে রেখে বললেন ফারব্রেস। ‘বাংলাদেশ শুরুতে সাবধানে খেলেছে আজমলকে। হাতে উইকেট ছিল বলে আজমলের শেষ ৪ ওভারে নিয়েছে ৫২। হাফিজ ও আজমলের প্রথম স্পেলে উইকেট না দিলে বড় স্কোরের পথে অর্ধেক এগিয়ে যাব আমরা।’ এবার শোনা গেল সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমালের মিনমিনে কণ্ঠ, ‘হাফিজ কিন্তু ব্যাটিংয়েও ঝামেলা করতে পারে। আমাদের সঙ্গে গত সিরিজে ৩টি সেঞ্চুরি করল...।’ ‘সুইং বোলিং...’ সামনে ঝুঁকে বসলেন চেয়ারে হেলান দেওয়া চামিন্ডা ভাস। ‘শেহজাদও ভালো ফর্মে আছে। তবে হাফিজ-শেহজাদ দুজনই সুইংয়ে দুর্বল। এই উইকেটে সুইং পাওয়া মুশকিল। তার পরও নতুন বল একটু ভেতরে ঢোকালে বা ড্রাইভিং লেংথে বাইরে নিতে পারলে দুজনই বিপদে পড়বে।’
‘আর আফ্রিদি...’ ম্যাথুস প্রসঙ্গটা পাড়তেই পাশ থেকে থামিয়ে দিলেন জয়াবর্ধনে। ‘আফ্রিদির জন্য আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই। ওর ব্যাটিংয়ের ধরন, শক্তি-দুর্বলতা সবাই তো জানেই। লাসিথ কয়েকটি ইয়র্কার ঠিকঠাক করতে পারলেই সে অস্থির হয়ে উঠবে। টানা দু-তিনটি বডিলাইন ও গতিময় শর্ট বল করলেও ক্যাচ দিয়ে দেবে।’
চেয়ার ছাড়তে ছাড়তে শেষটা টানলেন সাঙ্গাকারা, ‘জিতলেই ভারতের পাঁচ শিরোপার রেকর্ড ছোঁব আমরা। লেটস ডু ইট বয়েজ।’ ক্রিকেট ইতিহাসের একনিষ্ঠ পাঠক তিনি, বুঝিয়ে দিতে হবে না!