আফ্রিদি-পিসিবি সমঝোতা
সত্যিই ‘আনপ্রেডিকটেবল’ পাকিস্তান ক্রিকেট। ‘আনপ্রেডিকটেবল’ শহীদ আফ্রিদিও। দুই ‘আনপ্রেডিকটেবলের সর্বশেষ লড়াইটা অবশ্য খুব একটা জমল না। শুরুর দিকে কিছুটা জমে উঠার রসদ থাকলেও থেমে গেল হঠাত্ করেই। সর্বশেষ খবর—শহীদ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (মধ্যে) সমঝোতা হয়েছে। আর এই সমঝোতার সূত্র ধরেই বোর্ডের বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে দায়ের করা পিটিশন আজ বুধবার প্রত্যাহার করে নিয়েছেন আফ্রিদি।ক্রিকইনফো জানায়, আদালতে হাজির হয়ে পিটিশনটি প্রত্যাহার করে নেন আফ্রিদির আইনজীবী সৈয়দ আলী জাফর। পিটিশন প্রত্যাহারের খবরটি নিশ্চিত করে জাফর বলেছেন, ‘উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই পিটিশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তা ছাড়া একটা পিটিশন প্রত্যাহার করলে যদি ভালো কোনো ফল আসে, তাহলে প্রত্যাহার না করার কারণ নেই।’গতকাল মঙ্গলবারই পিসিবি প্রধান ইজাজ বাটের সঙ্গে আফ্রিদির বৈঠকে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, আদালতে দায়ের করা পিটিশন প্রত্যাহার করে নেবেন আফ্রিদি। এর পর মুখোমুখি হবেন পিসিবির শৃঙ্খলা কমটির শুনানিতে। শুনানি শেষে আফ্রিদির শাস্তিও হবে, তবে বিনিময়ে তিনি ফিরে পাবেন পিসিবির প্রত্যাহার করা অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট)।সমঝোতা খবরগুলো থেকে স্পষ্ট, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো আফ্রিদির চাওয়া ছিল একটাই—নো অবজেকশন সার্টিফিকেট ফিরে পাওয়া। কারণ এটি পেলেই কেবল হ্যাম্পশায়ারের হয়ে খেলতে পারবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ওয়েবসাইট।