আফ্রিদি ফিরতে চান, কিন্তু...
অভিমানে অবসর এবং আবারও ফিরে আসা—এই নাটক তাঁর জন্য নতুন কিছু নয়। সর্বশেষ ‘শর্তসাপেক্ষ অবসর’ নেওয়া শহীদ আফ্রিদি তাই যখন আবারও ফিরে আসার ঘোষণা দিচ্ছেন, এতে বিস্ময়ের কিছু নেই। তবে কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতা করে ফেলেছেন সাবেক অধিনায়ক?বেশ কিছু ব্যাপারে তো অবশ্যই পিসিবির সঙ্গে মতানৈক্য দূর করেছেন। আফ্রিদি এ-ও জানালেন, পিসিবির সভাপতি ইজাজ বাটের কিছু সাম্প্রতিক মন্তব্যও পছন্দ হয়নি তাঁর, ‘পিসিবির প্রধানের সঙ্গে আমি দেখা করেছি। আমার তরফ থেকে এটা বলতে পারি, বোর্ডের সঙ্গে সব বিষয়ের ফয়সালা করে ফেলেছি। তবে তাঁর কিছু মন্তব্যে আমি হতাশ। তার মতো লোকের মুখে এ ধরনের কথা শোভা পায় না।’তার পরও দেশের কথা ভেবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ৩১ বছর বয়সী, ‘পাকিস্তানের হয়ে খেলাই আমার কাছে সব সময় সবচেয়ে বেশি গর্বের, সবচেয়ে বেশি গুরুত্বের। সব সময়ই নিজের সেরাটা উজাড় করে দিয়ে খেলেছি। ওই দুটো পরাজয়ের (ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই ওয়ানডে) দায় আমার নয়। এমনকি ওই দুই ম্যাচের দল নির্বাচনে আমি যুক্তই ছিলাম না।’আফ্রিদির এই সব মন্তব্যে নতুন করে প্রশ্ন জাগে, পিসিবির সঙ্গে আদৌ সবকিছু মিটমাট হয়ে গেছে কি না। পুরোনো প্রসঙ্গ টেনে আরও বলছেন, ‘দলে কারও সঙ্গে খেলতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দল-ব্যবস্থাপনায় এমন কিছু লোক আছে, যারা তদবির করে নিজেদের ফায়দা লুটে নেয়, এরা মূল সমস্যা তৈরি করে। এদের না সরানো পর্যন্ত আমি খেলতে পারব না। সমর্থকেরা চাইলে আমি অবশ্যই ফিরব। তবে আগে এই প্রতারকদের সরাতে হবে।’বোঝাই যাচ্ছে, পিসিবির সঙ্গে সমঝোতা আসলে সেই পর্যায়ে পৌঁছায়নি। সেটি আফ্রিদি আরও স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের একটি টিভি চ্যানেলের টক-শোতে। সেখানে ইজাজ বাট সম্পর্কে বেশ ঝাঁজালো মন্তব্য করেছেন, ‘আমাকে প্রায় দেড় বছরের মতো অধিনায়কের পদে রেখেছিলেন ইজাজ বাট। এখন যদি বলা হয়, আমি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নই, তাহলে তো চেয়ারম্যানও আমাকে নির্বাচন করার ভুল সিদ্ধান্তের জন্য দায়ী। তাঁরও তো সরে যাওয়া উচিত।’এসব কথাবার্তার পর জাতীয় দলে আফ্রিদির ফেরার পথ আরও দুর্গম হয়ে গেল কি না, সেটাই এখন দেখার। ওয়েবসাইট।