আফ্রিদি বনাম তাঁরা
একটু-আধটু সমালোচনা তো সব ক্রিকেটারেরই হয়। এমনকি ব্যাট হাতে প্রায় ‘অতিমানব’ ছিলেন যে টেন্ডুলকার, খারাপ খেললে কি তিনিও ছাড় পেয়েছেন সমালোচকদের তির থেকে? কিন্তু সমালোচনা শুনে এভাবে খেপে যাওয়া বোধ হয় শুধু শহীদ আফ্রিদির পক্ষেই সম্ভব! তাঁর সমালোচনা করায় একসময়ের দুই সতীর্থ মোহাম্মদ ইউসুফ আর শোয়েব আখতারকে কার্টুনের দুই হাস্যকর চরিত্র ‘হেকল আর জেকলে’র সঙ্গে তুলনা করেছেন আফ্রিদি। সঙ্গে মিস্টার বিনের সঙ্গে তুলনা করে যেন বোঝাতে চাইলেন, ভাঁড় ছাড়া এঁদের আর কিছুই মনে করেন না তিনি! ওয়েবসাইট।
দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলেও টেলিভিশন টক শোতে পাকিস্তানের ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছিলেন ইউসুফ আর শোয়েব। সেই সমালোচনার তিরটা সবচেয়ে বেশি ছুটে গিয়েছিল অভিজ্ঞ আফ্রিদির দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে ৩৭ রান, সর্বশেষ ১৪ ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি। গত পরশু দক্ষিণ আফ্রিকা থেকে করাচি বিমানবন্দরে নামার পর পাকিস্তানি অলরাউন্ডার অবশ্য পাল্টা তোপ দাগলেন, ‘কে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না। কেউ কেউ এমনভাবে মতামত দেয় যেন ওদের সময়ে দল কখনো হারেনি। আমার কাছে এসব হেকল-জেকল আর মিস্টার বিনের মন্তব্যের কোনো মূল্য নেই।’
ওদিক থেকে পাল্টা জবাব আসতেও দেরি হয়নি। জিও টিভিতে আফ্রিদির প্রতিক্রিয়াকে শিক্ষিত আর অশিক্ষিতের পার্থক্যের একটা উদাহরণ হিসেবেই তুলে ধরলেন শোয়েব, ‘আমরা তো মিসবাহরও সমালোচনা করেছি। সংবাদমাধ্যম আমাদের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করার পর ওর প্রতিক্রিয়াটা দেখুন আর আফ্রিদিরটা দেখুন। এটাই দুজনের পার্থক্য বুঝিয়ে দেয়।’ সঙ্গে শোয়েব একটা হুমকিও দিয়ে রাখলেন, ‘আমি মুখ খুলতে চাই না। কিন্তু আমি জানি, কোন খেলোয়াড়েরা পাকিস্তান ক্রিকেটকে কখন বিক্রি করে দিয়েছিল।’
শোয়েবের মতো এত কড়া ভাষায় না হলেও ইউসুফও জবাব দিয়েছেন আফ্রিদিকে, ‘আমি আগেও বলেছি, ওর আচরণ শিশু ও অবুঝের মতো। আমি আবারও বলব, তরুণদের উচিত হবে না আফ্রিদিকে আদর্শ হিসেবে নেওয়া।’