আফ্রিদি যখন 'মিয়াঁদাদ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর পর দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো, সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই উচ্ছ্বাস, এই হাসি কাল কী দুর্দান্তই না মানিয়ে গেল শহীদ আফ্রিদিকে, শামসুল হক
পর পর দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো, সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই উচ্ছ্বাস, এই হাসি কাল কী দুর্দান্তই না মানিয়ে গেল শহীদ আফ্রিদিকে, শামসুল হক

আফ্রিদির ব্যাটিংয়ের জন্য পরিস্থিতিটা আদর্শই ছিল। কিন্তু এমন আদর্শ পরিস্থিতি তো ক্যারিয়ারে কতবারই এল, কালকের মতো নায়ক হতে পেরেছেন কদিন! অধিনায়ক মিসবাহ-উল-হক তাই বললেন, ‘আমার মতে এটা আফ্রিদির সেরা ইনিংসগুলোর একটি। ওর কাছ থেকে এমন কিছুর প্রত্যাশা আমাদের সব সময়ই থাকে। যখনই সে উইকেটে গিয়ে কিছুটা সময় নেয় আর একটু মাথা খাটিয়ে খেলে, তখনই কিন্তু দারুণ বিপজ্জনক হয়ে ওঠে।’

আর তিনি? ম্যাচ-সেরা না হয়েও আসলে যিনি কালকের নায়ক? এমনিতে ব্যাট করেন তিনি নিজের ধারাপাতেই, যে ধারাপাতের পাঠ বোঝার সাধ্যি খুব কম জনেরই আছে। তবে কাল তিনি কিছুটা শুনেছিলেন অধিনায়কের পরামর্শ, ‘প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আমরা সবাই জানতাম, ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। আমি দারুণ খুশি যে দলকে জেতাতে পেরেছি। অধিনায়ক আমাকে বলেছিল একটু সময় নিয়ে খেলতে, আমি সেটাই করেছি। চেয়েছিলাম এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে (শেষ ছক্কাটি), অফ সাইডে সব ফিল্ডার বৃত্তের ভেতরে ছিল। কিন্তু অশ্বিনের ক্যারম বলটি আমি পড়ে ফেললাম। একটু টেনে দিয়েছিল যদিও, কিন্তু ব্যাটে-বলে হলো দারুণ!’

আফ্রিদি ও পাকিস্তান যখন ভাসছে উচ্ছ্বাসের জোয়ারে, বিরাট কোহলি সংবাদ সম্মেলনে এলেন গোমড়া মুখে। ফাইনালে ওঠার গাণিতিক একটা সম্ভাবনা এখনো টিকে আছে ভারতের, তবে সেই আশার বিপরীতে আশা করতে রাজি নন ভারত অধিনায়ক। আফগানিস্তানকে বোনাস পয়েন্টসহ হারানোর আশা শোনালেন, তবে টুর্নামেন্ট থেকে যে ছিটকে গেছেন, সেটা একরকম মেনে নিয়েছেন বলেও মনে হলো। সেই ধাক্কাটা এল চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে, যন্ত্রণার তীব্রতা তাই আরও বেশি।

জয়ের উচ্ছ্বাসটাও যেমন বাঁধনহারা। ম্যাচ শেষের অনেকক্ষণ পরে, টিভির ধারাভাষ্য-সাক্ষাৎপর্ব সব শেষে, মাঠের এক কোণে ওয়াসিম আকরাম যেমন প্রবল আবেগে জড়িয়ে ধরলেন মঈন খানকে, কী একটা বলে সাবেক দুই সতীর্থ প্রায় ঢলে পড়লেন হাসতে হাসতে, সেটাই যেন বুঝিয়ে দিল ভারত-পাকিস্তান ম্যাচে জয় মানে কী!