ব্যাটিংয়ে পাকিস্তান রীতিমতো ধ্বংসস্তূপ। ৭১ রান তুলতেই পড়ে গেছে ৫ উইকেট। দলকে টেনে তুললেন ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংসে। কে? শহীদ আফ্রিদি!২০১ রানের মামুলি লক্ষ্যের দিকে দারুণভাবে ছুটছে শ্রীলঙ্কা। ৩ উইকেটে তুলে ফেলেছে ১৫৫ রান। সবচেয়ে বড় কথা, উইকেটে দুই অভিজ্ঞতম ব্যাটসম্যান, সাঙ্গাকারা-জয়াবর্ধনে তুলে নিয়েছেন ফিফটি। জুটিটাও পূর্ণ করেছে শতরান। নিশ্চিত জয়ের পথে শ্রীলঙ্কা। কিন্তু না। বল হাতে টপাটপ উইকেট তুলে নিয়ে ম্যাচের রং পাল্টে দিলেন। কে? শহীদ আফ্রিদি!ব্যাট হাতে ৭৫ রানের পর বল হাতে ৩৫ রানে ৫ উইকেট। আফ্রিদিময় একটা দিন গেল কাল শারজায়। অবিশ্বাস্যভাবে ম্যাচটা ২৬ রানে জিতল পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে জিতে নিল সিরিজও। একই ম্যাচে ফিফটির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার মাত্র ১৫তম উদাহরণ এটি। আফ্রিদির জন্য একদিক দিয়ে ইতিহাসও। কারণ কেবল তাঁরই আছে এই কীর্তি দুবার করে দেখানোর।ব্যাটিংয়ের কথাই প্রথমে ধরুন। উইকেটে এসেছিলেন পাকিস্তানের স্কোর যখন ৭১/৫। ৪৪তম ওভারে যখন আউট হলেন, পাকিস্তান ১৮১। অর্থাৎ আফ্রিদি উইকেটে থাকা অবস্থায় যে ১১০ রান উঠেছে, তার ৭৫-ই এসেছে তাঁর ব্যাট থেকে। থিসারা পেরেরার বলে কট বিহাইন্ড না হয়ে গেলে পাকিস্তানের স্কোরটা নিশ্চিত আরও অনেক বড় হতো। বড় না হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। কম স্কোর বলেই তো তাঁর বোলিংয়ের জাদুটা আরও বড় মনে হচ্ছে! প্রথমে গলার কাঁটা হয়ে বিঁধতে থাকা জুটিটা ভেঙেছেন সাঙ্গাকারাকে আউট করে। ফিরিয়েছেন জয়াবর্ধনেকেও। জীবন মেন্ডিস, পেরেরা, সিকুগে প্রসন্নও তাঁর শিকার। মাত্র ১৯ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, পাঁচটিই আফ্রিদির। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২০০ (আফ্রিদি ৭৫, হাফিজ ২৭, ইউনুস ১৮; মালিঙ্গা ১/৩৮, পেরেরা ১/৩৬, ফার্নান্ডো ৩/২৬, মেন্ডিস ২/৪০, প্রসন্ন ২/৫৫, দিলশান ০/৩)। শ্রীলঙ্কা: ৪৫.২ ওভারে ১৭৪/১০ (সাঙ্গাকারা ৫৮, জয়াবর্ধনে ৫৫, থারাঙ্গা ১৬, দিলশান ১১; আফ্রিদি ৫/৩৫, আজমল ২/২৯, চিমা ২/৪৮)। ফল: পাকিস্তান ২৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।