আফ্রিদিই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপ দলের অধিনায়কত্বের লড়াইয়ে জয় হলো শহীদ আফ্রিদির। বেশ কয়েক দিনের অনেক দ্বিধা-দ্বন্দ্ব ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে অধিনায়ক হিসেবে আফ্রিদিকেই বেছে নিয়েছে পিসিবি। আর তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী মিসবাহ-উল-হকের নাম ঘোষিত হয়েছে সহ-অধিনায়ক হিসেবে।২০০৮ সালের শেষ থেকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়কত্বের ভারটা আফ্রিদির ওপরই ছিল। স্বভাবতই বিশ্বকাপের অধিনায়কত্বের ভারটা তাঁর ওপরই বর্তানোর কথা। কিন্তু বরাবরের মতো এবারও পাকিস্তান ক্রিকেটের দলীয় কোন্দলের ফলে এই ব্যাপারটা অনেক দিন ধরে ঝুলে ছিল। আর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অসাধারণ পারফরমেন্স দেখিয়ে পিসিবির কাজটা আরও কঠিন করে তুলেছিলেন মিসবাহ-উল-হক। শেষ পর্যন্ত সাবেক অনেক ক্রিকেটারের পরামর্শমতো বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে অধিনায়ক পরিবর্তন করার ঝুঁকিটা নিতে চায়নি পিসিবি। তবে এই সিদ্ধান্তটা নিতে এত দেরি হলো কেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি পিসিবির কর্মকর্তারা।পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ পিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে। কারণ আফ্রিদি অনেক দিন ধরেই পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছে। অন্য খেলোয়াড়েরাও তার সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি বুঝতে পারছিলাম না, পিসিবি এই সহজ সিদ্ধান্তটা নিতে এত দেরি করছিল কেন? এটা বিশ্বকাপের আগে পাকিস্তানের প্রস্তুতিটাকেই শুধু বাধাগ্রস্ত করল।’— রয়টার্স