আফ্রিদিকে দলে চেয়েও পাননি মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ভারত সফরের ওয়ানডে দলে শহীদ আফ্রিদিকে চেয়েছিলেন মিসবাহ-উল হক। তবে অধিনায়কের চাওয়ার মূল্য দেননি পাকিস্তানি নির্বাচকেরা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, উমর আকমলের বদলে শহীদ আফ্রিদিকে ওয়ানডে দলে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু তাঁর মতামত পাশ কাটিয়ে উমর আকমলকেই দলে রাখেন নির্বাচকেরা।দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ২২ ডিসেম্বর ভারতে যাচ্ছে পাকিস্তান দল। দ্বিপক্ষীয় এই সিরিজ সামনে রেখে গতকাল সোমবার টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করেন নির্বাচকেরা। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে আফ্রিদিকে। সূত্র জানায়, পড়তি ফর্মের আফ্রিদিকে দলে নেওয়ার দাবির পেছনে মিসবাহর যুক্তি ছিল, আফ্রিদি একজন ম্যাচ উইনার। কঠিন পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। এ ছাড়া আফ্রিদির মতো একজন খেলোয়াড় থাকলে ভারতীয় দলের ওপর মানসিক চাপ বহুগুণ বেড়ে যাবে। তবে পরবর্তী বিশ্বকাপের লক্ষ্যে দল গড়ার কথা বলে আফ্রিদিকে বাইরে রাখার সিদ্ধান্তে অটল থাকেন নির্বাচকেরা।আরেকটি সূত্র জানিয়েছে, ভারতের মাটিতে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টি ম্যাচ আফ্রিদির জন্য অগ্নিপরীক্ষাই। এখানে নিজেকে প্রমাণ করতে না পারলে হয়তো দল থেকেই বাদ পড়ে যাবেন তিনি। সূত্রমতে, পাকিস্তানি নির্বাচকেরা টি-টোয়েন্টি দলেও আফ্রিদিকে রাখতে চাননি। এ ক্ষেত্রে তাঁর বদলে ইমরান নাজিরকে নেওয়ার ব্যাপারে নাকি জোর চাপ ছিল নির্বাচকদের ওপর। তবে শেষ পর্যন্ত আফ্রিদিকে সুযোগ দেওয়া হয়। টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে আহমেদ শেহজাদকেও। আবদুল রাজ্জাককে কোনো দলেই রাখেননি নির্বাচকেরা। ঘরোয়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের পরও রাজ্জাকের দলে না থাকার একমাত্র কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক মোহাম্মদ হাফিজের সমালোচনায় মুখ খোলা। ধারণা করা হচ্ছে, রাজ্জাকের ওই কাজের শাস্তি হিসেবেই ভারত সফরের কোনো দলে তাঁকে রাখা হয়নি।