আফ্রিদিকে নিয়ে মিসবাহর মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যখন অবসর নিয়েছিলেন, ছিলেন দলের অধিনায়ক। ফিরলেন ‘সাধারণ সদস্য’ হয়ে। পারফরম্যান্স নিয়ে যেমন কৌতূহল ছিল, কৌতূহল ছিল ‘সাধারণ’ হয়ে দলে কতটা মানিয়ে নিতে পারেন, সেটি নিয়েও। অন্তত প্রথম ম্যাচে সব পরীক্ষায় পাস করেছেন শহীদ আফ্রিদি। মন জিতেছেন মিসবাহ-উল-হকেরও। পাকিস্তানের বর্তমান অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন সাবেক অধিনায়ক।পরশু দুবাইয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ১৩১ রানেই গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। ইউনুস খান (৫৬) ও ইমরান ফারহাতের (৫০) জোড়া সেঞ্চুরিতে ২১.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফেরার ম্যাচে প্রথম ওভারেই উইকেট পেয়েছেন আফ্রিদি। সব মিলিয়ে ৯.৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট তুলে ম্যাচসেরা। ওয়ানডেতে এই নিয়ে ২৫ বার ম্যাচসেরা হলেন আফ্রিদি, পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে তাঁর আগে আছেন কেবল সাঈদ আনোয়ার (২৮)। এই পারফরম্যান্সে মুগ্ধ মিসবাহর আশা, এভাবেই ম্যাচ জিতিয়ে যাবেন আফ্রিদি, ‘আফ্রিদি একজন ম্যাচ উইনার, আজ ও সেটাই প্রমাণ করেছে। এমন এক সময়ে ও বোলিংয়ে এসেছিল যখন রানের গতিতে বাঁধ দেওয়া ও উইকেট—দুটিই প্রয়োজন ছিল। ও দুটিই করেছে। উইকেট সোজা বোলিং করেছে, খুব বেশি রান দেয়নি ও গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছে। ওর ফেরাটা দুর্দান্ত হলো, আশা করি, এভাবেই পারফর্ম করে যাবে।’আফ্রিদির পাশাপাশি দলের অন্য বোলারদেরও প্রশংসা ঝরেছে অধিনায়কের কণ্ঠে, ‘পিচের আচরণ খুব ভালো ছিল, দুই ইনিংসেই ছিল একই রকম। কৃতিত্ব আমাদের বোলারদের। শুরু থেকেই সিমাররা ওদের চাপে রেখেছে, পরে স্পিনাররা এসে ওই চাপ ধরে রেখেছে।’ উইকেট নিয়ে মিসবাহর সঙ্গে একমত তিলকারত্নে দিলশানও। শ্রীলঙ্কা অধিনায়ক ব্যাটিং-ব্যর্থতার দায় দিয়েছেন বাজে শট নির্বাচনকে, ‘ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে সমস্যা নেই, কারণ প্রায় সবার শুরুটা ভালো হচ্ছে। কিন্তু বাজে শট খেলে উইকেট ছুড়ে দিচ্ছে। শট নির্বাচনই মূল সমস্যা। আজ (পরশু) একটি-দুটি উইকেট হয়তো ভালো বলে গেছে, কিন্তু বাকিরা বাজে শট খেলে আউট হয়েছে।’আগামীকাল দুবাইয়েই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাজেভাবে হারা শ্রীলঙ্কা শুনেছে আরেকটি দুঃসংবাদ। পরশুর ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। কাল তাই না-ও খেলতে পারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।