আফ্রিদিকে ফিরতে বললেন মিসবাহ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকেই বিদায় বলে দিয়েছেন শহীদ আফ্রিদি। কিন্তু তাঁর এ অবসর-ভাবনা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল হক। মিসবাহ মনে করেন, পাকিস্তান ক্রিকেটকে এখনো দেওয়ার অনেক কিছু আছে আফ্রিদির।গত বৃহস্পতিবার মিসবাহ সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয়, আফ্রিদি এখনো পাকিস্তানের হয়ে আরও কিছু বছর খেলতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকে তাঁর এখনো অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি কী করবেন, সেটা একেবারেই তাঁর নিজের সিদ্ধান্ত। আমি শুধু তাঁকে এ অবসর-ভাবনা পুনর্বিবেচনা করার পরামর্শই দিতে পারি। তিনি যদি আবারও ফেরেন, তাহলে আমি খুবই খুশি হব।’এ বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আফ্রিদিকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তানকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল মিসবাহ-উল হকের হাতে। তবে এখন আফ্রিদি আবার ফিরলেও অধিনায়কত্ব নিয়ে কোনো ঝামেলা হবে না বলে মত দিয়েছেন এ ডানহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব আমার জন্য কোনো ইস্যু না। যদি বোর্ড আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি সেটা পালন করব। না দিলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগে আফ্রিদিকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কী করতে চান।’ ইএসপিএন।