আফ্রিদিকে শোকজ
এমন কিছু যে ঘটবে, সেটা আঁচ করা গিয়েছিল আগেই। বাংলাদেশ থেকে দেশে ফিরে দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে শহীদ আফ্রিদিকে। কোনো টুর্নামেন্ট থেকে দেশে ফিরে শুধু অধিনায়ক ও দলের কর্মকর্তারাই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। সেখানে কেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন, সেটাই আফ্রিদিরি কাছে জানতে চেয়েছে পিসিবি।
সুপার টেনের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। করাচি বিমানবন্দরে নেমে আফ্রিদি বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের মনোভাব আক্রমণাত্মক ছিল না বলেই পাকিস্তান সেমিফাইনালে যেতে পারেনি। আরও বলেছিলেন, বোর্ড চাইলে দল এবং দেশের স্বার্থে তিনি অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বোর্ড তো বটেই; তাঁর এই মন্তব্যকে ভালোভাবে নেননি পাকিস্তান দলের অনেক ক্রিকেটারও। আফ্রিদি অবশ্য বলেছেন, তিনি কখনোই অধিনায়কত্বের পেছনে দৌড়াননি। ওয়েবসাইট।