আফ্রিদিকে সরানোয় ক্ষুব্ধ আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ বছর বয়সী একজনকে অধিনায়ক করা হলে সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ হতেই পারে। হচ্ছেও। শহীদ আফ্রিদিকে সরিয়ে মিসবাহ-উল-হককে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বানানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করলেন ওয়াসিম আকরাম। সাবেক অধিনায়কের মতে, এই সিদ্ধান্ত মস্ত বড় ভুল, ‘বর্তমান টেস্ট অধিনায়কের বয়স ত্রিশের শেষের দিকে। ছয় থেকে আট মাসের বেশি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ও টিকবে বলে মনে হয় না।’ কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে মতের মিল না হওয়ায় প্রকাশ্যে মিডিয়ায় কথা বলেছেন। এ কারণেই অপসারিত গত বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে তোলা আফ্রিদি। ‘তুচ্ছ’ এ ঘটনার জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়াকে আকরাম বলছেন হাস্যকর, ‘বিশ্বকাপের পর আফ্রিদিকে জাতীয় বীরের সম্মান দেওয়া হচ্ছিল। অথচ ওয়েস্ট ইন্ডিজ থেকেও ওয়ানডে সিরিজ জিতিয়ে নিয়ে এসে ও দেখল, ওকে ছাঁটাই করা হয়েছে! পিসিবি এসব কী করছে? এটা ভুল সিদ্ধান্ত। এবং এর জন্য পিসিবির প্রধান ইজাজ বাটই দায়ী।’বাট অবশ্য নিজের সিদ্ধান্তে অটল, ‘অধিনায়ক পরিবর্তনের অধিকার বোর্ডের আছে। দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যা ভালো মনে হয়েছে তা-ই করেছি। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।’ ওয়েবসাইট।